প্রতিক্রিয়া

কে প্রকৃত শিক্ষিত—ডিগ্রিধারী ব্যক্তি নাকি নিরক্ষর কৃষক-শ্রমিক?

মানুষ সামাজিক জীব এই কথাটা আমরা সবাই মুখে স্বীকার করি, মানুষ একে অপরের সাহায্য ছাড়া চলতে পারি না এই কথাটিও আমরা মুখে স্বীকার  করি, আবার মানুষের মধ্যে সাম্যবাদ প্রয়োজন এটাও বিশ্বাস করি। কিন্তু আমরা অনেকেই মানতে চাই না সমাজের একজন মানুষও অশিক্ষিত নন। প্রকৃতপক্ষে আমরা সবাই দুই ভাগে বিভক্ত। শিক্ষিত ও কুশিক্ষিত, এই দুই শ্রেণিই সমাজে বিদ্যমান। আমাদের তথাকথিত সমাজব্যবস্থায় আমরা তাদেরই শিক্ষিত মনে করি যারা সাধারণত প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট বা সনদপত্র অর্জন করেন। এই সনদপত্রধারী মানুষগুলোকে আমরা মোটাদাগে  শিক্ষিত বলে চিহ্নিত করি, সম্মান দিই। একটি সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টি আলোচনা করা যায়।

আমাদের দেশের শিক্ষার্থীরা যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সম্মান উত্তীর্ণ হয় তখন আমরা তাদের শিক্ষিত ধরে নেই অথচ উক্ত শিক্ষার্থী বা ডিগ্রিধারীদের বয়সের অন্য আরেক দল মানুষ যারা সকাল থেকে মাঝরাত পর্যন্ত সেলুন, শিল্প কলকারখানা, গ্যারেজ, চায়ের দোকান ইত্যাদিতে কঠোর পরিশ্রম করছেন, আমরা তাদের শিক্ষিত ধরে নিই না। সমাজের এই বিষয়টি কি আসলেই সঠিক? আমার কাছে মনে হয় এটি সঠিক নয়। যারা বিভিন্ন বিদ্যায়তনিক প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেন তাদের প্রথম পরিচয় অক্ষরজ্ঞান যুক্ত আর যারা পারিপার্শ্বিক সমাজ এবং প্রকৃতি থেকে শিক্ষা বা দক্ষতা অর্জন করে তাদের প্রথম পরিচয় নিরক্ষর। কিন্তু আমার মতে উভয় মানুষই শিক্ষিত। একদল সাক্ষরতার মাধ্যমে শিক্ষিত আর অন্য দল দক্ষতা ও অভিজ্ঞতার  মাধ্যমে শিক্ষিত। সত্যিকার অর্থে দুঃখ তখনই হয় যখন অক্ষরজ্ঞানহীন  হয়েও বিভিন্ন দক্ষতা অর্জন করে দেশের সেবায় নিয়োজিত, দেশপ্রেমে নিয়োজিত তাদের আমরা  অশিক্ষিত বলি।

আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পাব সমাজের বা দেশের  উচ্চ আসনে যারা বসে আছেন তাদের আমরা শিক্ষিত বলি। যারা অধ্যাপক, ডাক্তার, জজ প্রমুখ লোকদের আমরা শিক্ষিত বলি এবং এটি মোটেই কোনো দোষের না বরং সম্পূর্ণ সঠিক। কিন্তু এর সাথে সাথে গ্রাম ও শহরের কৃষক, রিকশাচালক, মুচি-মেথর, কামার-কুমোর  ইত্যাদি কাজে নিয়োজিত যারা তাদের আমরা অশিক্ষিত বা মূর্খ বলে কটাক্ষ করি; অসম্মান করি। প্রকৃতপক্ষে আমাদের মধ্যে অশিক্ষিত কেউ নন, জজ-ব্যারিস্টার যেমন শিক্ষিত তেমনি দিনমজুর রিকশাচালকরাও শিক্ষিত।

আমাদের উচ্চ ও নিম্ন শ্রেণি বিভাজনের পেছনের মূল কারণ মূলত অর্থনৈতিক অবস্থা। একজন শিক্ষক যেমন শিক্ষাদানের মাধ্যমে তার কাজ চলমান রাখেন, তেমনি একজন রিকশাচালকও রিকশা চালানোর মাধ্যমে তার কাজ চলমান রাখে। শিক্ষক শিক্ষাদান করেন এই অর্থে যেমন উনি শিক্ষিত তেমনি একজন রিকশাচালক তার কাজের দিক থেকে  তিনিও  শিক্ষিত। ডাক্তার হতে হলে যেমন চিকিৎসার সাথে সম্পর্কিত কারিগরি দক্ষতা অর্জন করতে হয়, তেমনি কৃষক হওয়ার জন্য কৃষি কাজ শিখতে হয়। ডাক্তার এবং কৃষক উভয়ই শিক্ষিত পার্থক্য  শুধু তাদের কাজ দুটি ভিন্ন উপায়ে শেখানো হয়। মোটকথা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রত্যেকই কোনো না কোনো গুণে গুণান্বিত। আমাদের প্রত্যেকের মধ্যেই একটি সুপ্ত প্রতিভা আছে আর এই কারণেই আমরা প্রত্যেকই শিক্ষিত।

এখন প্রশ্ন হতে পারে কুশিক্ষিত আবার কী?  সমাজের এমন একদল লোক (অক্ষরজ্ঞান যুক্ত ও অক্ষরজ্ঞানহীন উভয়ই ) যারা সমাজের সবার জন্য অমঙ্গলজনক, সমাজের খারাপ চায়, সমাজের ক্ষতি করার চেষ্টা করে, মোটকথা নেতিবাচক চিন্তা বা কাজ করে এই সব লোকদেরই কুশিক্ষিত বলা হয়। এরা সমাজের বোঝা।

আমরা স্ব স্ব অবস্থান থেকে সুশিক্ষিত হই। সারকথা, আমাদের মানসিকতা পরিবর্তন করি, অন্যের দক্ষতা-অভিজ্ঞতা, দেশপ্রেম ও সুপ্ত প্রতিভা ইতিবাচকভাবে স্বীকার করি, তাহলেই আমরা প্রকৃত শিক্ষিত।

কিংবদন্তি শিল্পী সত্য সাহা খুব চমৎকার একটি গান লিখেছেন, ‘নামের বড়াই করো নাকো নাম দিয়ে কী হয়, নামের মাঝে পাবে না তো সবার পরিচয়।’ পরিশেষে, শিল্পী সত্য সাহার গানের সাথে সুর মিলিয়ে নিজের ভাষায় বলতে চাই, সাক্ষরতার বড়াই করো নাকো সাক্ষর দিয়ে কী হয়? শুধু সাক্ষরের মাঝে পাবে না তো শিক্ষিতের পরিচয়।

সুমন চৌধুরী
শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ইমেইল: sumonchowdhury2001@gmail.com