রোজার আগের দিন কেনাকাটার ধুম

কাল থেকে শুরু পবিত্র রমজান মাস। রোজা শুরুর আগে প্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে দোকানপাটে ব্যস্ততা বেড়েছে। কাঁচাবাজার থেকে শুরু করে মাংসের দোকান—ধুম পড়েছে কেনাকাটায়। আজ বৃহস্পতিবার সারা দেশের বিভিন্ন এলাকায় বড় বাজারের সকালের চিত্র নিয়ে এবারের ছবির গল্প।

ইফতারে টমেটো, শসা, লেবুর চাহিদা থাকে। তাই আগেভাগেই এসব কিনতে মানুষের ভিড়। কারওয়ানবাজার, ঢাকা
ছবি: জাহিদুল করিম
সিলেটের সবচেয়ে বড় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি বাজার নগরের কালীঘাট বাজার। রমজানের আগে পাইকারি ও খুচরা বিক্রেতার সমাগমে জমজমাট হয়ে ওঠে বাজারটি। এখান থেকে পণ্য কিনে বিভিন্ন উপজেলায় নিয়ে যান ব্যবসায়ীরা
পবিত্র রমজান মাস উপলক্ষে টুপি কিনছেন এক ক্রেতা। সাহেববাজার, রাজশাহী
রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায়। তবে গত বছরের তুলনায় ময়মনসিংহে খেজুরের দাম ৪০ থেকে ৫০ শতাংশ বেড়েছে। মেছুয়া বাজার, ময়মনসিংহ
তিন দিন আগেও বগুড়ার পাইকারি বাজারে প্রতি হালি ফার্মের মুরগির ডিমের দাম ছিল ৪০ টাকা। এখন সেই ডিম ৪৪ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ৩ নম্বর রেলঘুমটি এলাকা, বগুড়া
ইফতারে রোজাদাররা শরবত পছন্দ করেন। শরবতের উপকরণ গুড়–চিনির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। ফতেহ আলী বাজার, বগুড়া
ইফতারে কলা, পেঁপেসহ নানা দেশি ফলের চাহিদা থাকে। ফল নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। বড়বাজার, খুলনা
বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ব্রয়লার মুরগি। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। ৩ নম্বর রেলঘুমটি এলাকা, বগুড়া
খুচরা বাজারে বিক্রির জন্য সকাল সকাল পণ্য কিনে নিয়ে যাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। কারওয়ানবাজার, ঢাকা
বিক্রেতার হাঁকডাক আর ক্রেতাদের দরাদরিতে জমজমাট কারওয়ানবাজার, ঢাকা