পয়লা বৈশাখে বাঙালি মেতে উঠবে বর্ষবরণে। বাংলা বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে প্রস্তুতি। শিক্ষার্থীরা কেউ ব্যস্ত রঙিন মুখোশ বানাতে, কেউ মাটির সরা রাঙাতে। আবার কেউ কেউ বানাচ্ছেন কাগজের অরিগ্যামি। জয়নুল গ্যালারির সামনের চত্বরে নবীন আঁকিয়েরা গভীর মনোযোগে কেউ জলরঙের ছবি আঁকছেন। মাঠজুড়ে চলছে বাঁশের ফালি দিয়ে শোভাযাত্রার বড় পুতুলগুলোর কাঠামো তৈরির ব্যস্ততা। এভাবেই চলছে নববর্ষের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি।
