ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মগবাজার এলাকায় উড়ালসড়কের পিলারে দেয়ালচিত্র আঁকা হচ্ছে। পোস্টার-ব্যানারে ভরা অসুন্দর পিলারগুলোকে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এসব চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সৌন্দর্যমণ্ডিত হবে। চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলোতে শিক্ষণীয় বার্তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে চিত্রাঙ্কন করা চারটি পিলারের চিত্রে দেখা যাচ্ছে, একটি কিশোর চারাগাছ লাগাচ্ছে, আরেকটি কিশোর বই নিয়ে স্কুলে যাচ্ছে। একটিতে লেখা রয়েছে হর্ন বাজাবেন না এবং পোস্টার না লাগাই। একটিতে ফুল, পাখি ও সূর্য এবং আরেকটিতে ফুলের নকশার সঙ্গে নৌকা আঁকার মধ্য দিয়ে বাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। উড়ালসড়কের পিলারের এসব চিত্রকর্মের সৌন্দর্যে আকৃষ্ট হচ্ছেন পথচারীরা।
