আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এ সমাবেশে ঢাকা ও এর আশপাশের জেলাগুলো থেকেও দলটির নেতা–কর্মীরা যোগ দিয়েছেন। সমাবেশস্থলে নেতা–কর্মীদের হাতে ব্যানার, পোস্টার, ফেস্টুন দেখা যায়। নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে বিএনপি কার্যালয়ের সামনে তৈরি করা মঞ্চে গান পরিবেশন করা হয়। ফাঁকে ফাঁকে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতারা বক্তব্য দিতে থাকেন। বেলা দুইটার দিকে সমাবেশ শুরু হয়।
