পাহাড়, নদী, মেঘ, জলাবন আর ঝরনা যেন একে অপরকে আলিঙ্গন করে আছে। দূর পাহাড়ের গায়ে ভেসে বেড়াচ্ছে টুকরো টুকরো সাদা মেঘ। বৃষ্টি নামলে পাহাড়গুলো মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝরনাধারা। ঝরনার পানির কলকল শব্দে ছুটে চলা ও শীতল স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমেষে। পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা পাথরও অন্যতম এক আকর্ষণ। নগরজীবনের যান্ত্রিকতা পেছনে ফেলে প্রকৃতির মধ্যে দুদণ্ড ডুব দিতে চাইলে সিলেট হতে পারে উপযুক্ত স্থান। সিলেট থেকে দর্শনীয় স্থানগুলোতে যাওয়ার পুরো পথই প্রকৃতি তার সৌন্দর্যে বিমোহিত করবে যে কাউকে। পিচঢালা পথের দুই পাশে এখন বিশাল জলরাশি আর পাহাড়। গাড়ির জানালা খুলে দিলেই হু হু ঠান্ডা বাতাস শরীর জুড়িয়ে দেয়। এরই মধ্যে চলতে থাকে রোদ-বৃষ্টির খেলা। সম্প্রতি সিলেটের রাতারগুল, সাদা পাথর, লালা খাল ও জাফলং ঘুরে ছবিগুলো তোলা।