হকার উচ্ছেদে বদলে গেছে মিরপুর ১০ নম্বরের চিত্র

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর মিরপুর ১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়। ওই সময় অভিযানে অংশ নেওয়া পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলা চালান হকাররা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আবারও অভিযান চালিয়ে ফুটপাতের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এর পর থেকেই বদলে গেছে মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের ফুটপাতের চিত্র। দীর্ঘদিনের চেনা জটলা এখন আর নেই; পরিচ্ছন্ন ফুটপাত দিয়ে স্বচ্ছন্দে ও নির্বিঘ্নে চলাচল করতে পারছেন পথচারীরা। তবে মিরপুর ১০ নম্বরে স্বস্তি ফিরলেও ভিন্ন চিত্র দেখা গেছে মিরপুর ১ নম্বর ও টোলারবাগ এলাকায়। সেখানে এখনো সড়ক ও ফুটপাত দখল করে আগের মতোই চলছে কেনাবেচা। কোথাও উচ্ছেদের পর ফিরেছে স্বস্তি, আবার কোথাও ফুটপাত বেদখল থাকায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল। ছবিগুলো গতকাল শুক্রবার তোলা।

হকার উচ্ছেদের পর মিরপুর ১০ নম্বর এলাকার ফুটপাতে স্বচ্ছন্দে চলাচল করছেন পথচারীরা
হকার উচ্ছেদের পর মিরপুর ১০ নম্বর এলাকার ফুটপাতে স্বচ্ছন্দে চলাচল করছেন পথচারীরা
হকারদের দৌরাত্ম্য না থাকায় এখন অনেকটাই ফাঁকা চলাচলের পথ। মিরপুর ১০ নম্বরের কাছে বিআরটিএ কার্যালয়মুখী ফুটপাত থেকে তোলা ছবি
ফুটপাতের সৌন্দর্য বাড়াতে পথচারী চলাচলের পথের পাশে নতুন করে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ
হকারমুক্ত ফাঁকা ফুটপাতে শিশুদের নিয়ে নির্বিঘ্নে হেঁটে যাচ্ছেন অভিভাবকেরা
উচ্ছেদ অভিযানের পর ফাঁকা ও পরিচ্ছন্ন রূপ পেয়েছে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকার সড়ক ও ফুটপাত
অভিযানের কিছুদিন পেরোতেই আবারও ফুটপাতে বসতে শুরু করেছে কিছু দোকান। মিরপুর ১০ নম্বরের সুইমিং কমপ্লেক্সের সামনের চিত্র
মিরপুর ১ নম্বর এলাকায় ফুটপাত ও সড়কের একটি অংশ দখল করে নির্বিঘ্নে চলছে দোকানপাট
মিরপুরের টোলারবাগ এলাকায় সড়ক ও ফুটপাতের বেশির ভাগ অংশ দখল করে বসেছে দোকান। এতে একদিকে ব্যাহত হচ্ছে পথচারীদের হাঁটাচলা, অন্যদিকে তৈরি হচ্ছে যানজট