বান্দরবান জেলায় গ্রীষ্মের শুরুতেই দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। পাহাড়ের মানুষের পানির চাহিদা মেটাতে বিভিন্ন এনজিওর উদ্যোগে ও বিভিন্ন সংস্থার বসানো অধিকাংশ কলগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। ঝিরি-ঝরনাতেও নেই পর্যাপ্ত পানি। সুপেয় পানি তো দূরের কথা, নিত্যব্যবহার্য পানিও মিলছে না। ফলে দূরপথ পাড়ি দিয়ে দুর্গম ঝিরি-ঝরনা, খাল থেকে গর্ত খুঁড়ে খাবার পানি সংগ্রহ করছেন স্থানীয় লোকজন। রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুর্গম মেওফাপাড়ায় এই সংকট তীব্র।