আড়াই বছর বন্ধ থাকার পর আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে প্রথম দফায় ১১২ জন কর্মী যাচ্ছেন মালয়েশিয়ায়। তাঁদের যাত্রাকে ঘিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল ব্যস্ততা। কেউ শেষবারের মতো পরিবারের সদস্যদের বুকে জড়িয়ে বিদায় নিচ্ছেন, কেউ ভ্রমণের কাগজপত্র যাচাই করছেন, আবার কেউ লাগেজ নিয়ে এগিয়ে যাচ্ছেন উড়োজাহাজের দিকে। নতুন কর্মস্থলে নতুন জীবনের স্বপ্ন নিয়ে তাঁদের এই যাত্রা।
