গ্রামবাংলার খণ্ড চিত্র

গ্রীষ্ম কি কেবল কৃষ্ণচূড়ার ডালে ডালে সব সৌন্দর্য ঢেলে দেয়? নিচের ছবিগুলো দেখলে ধারণা বদলে যাবে। তপ্ত প্রখর এই ঋতুর সৌন্দর্য দেখুন প্রকৃতির নানা বাঁকে। গ্রামবাংলার এই চিত্রগুলো তুলে এনেছেন সারা দেশে ছড়িয়ে থাকা প্রথম আলোর আলোকচিত্রীরা। এই সময়ের কিছু ছবি দিয়ে ছবির গল্প।

পাইকারি বিক্রির জন্য গুদাম থেকে পাট ট্রাকে তুলছেন শ্রমিকেরা। প্রতি মণ পাট ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় কেনা হয়। রেলগেট, খুলনা, ২২ মে
ছবি: সাদ্দাম হোসেন
বর্ষা সামনে রেখে নতুন নৌকা তৈরি করছেন নদীপারের মানুষেরা। নতুন একটি নৌকা তৈরিতে খরচ হয় প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকা। শহড়াবাড়ী খেয়াঘাট, ধুনট, বগুড়া, ২২ মে
চলছে ধানমাড়াই। ধানের খড় এক জায়গায় করছেন নারী শ্রমিকেরা। পবা উপজেলার দামকুড়া, ২২ মে
সকালের হাটে ছাগল কিনে ব্যাগে ভরে বাড়ি ফিরছেন এই ব্যক্তি। ছবিটি রংপুরের মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর এলাকা থেকে তোলা। ২২ মে
বৃষ্টির মৌসুমে ছাতার চাহিদা বেড়ে যায়। তাই ছাতা বিক্রি ও মেরামত করতে গ্রামের পথে বেরিয়েছেন সাদেক আলী। ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দামের বিভিন্ন আকারের এসব ছাতা বিক্রি করেন তিনি। এ ছাড়া নষ্ট ছাতা ঠিকঠাকও করেন। শিমুলবাড়ী, মিঠাপুকুর, রংপুর। ২২ মে
নতুন চা-পাতা তোলার মৌসুম এখন। সিলেট অঞ্চলের চা-বাগানগুলোয় চলছে চা-পাতা তোলা। পাতা তোলার জন্য দল বেঁধে চা-বাগানে যাচ্ছেন নারী চা-শ্রমিকেরা। সিলেট শহরতলির মালনীছড়া চা-বাগান এলাকা থেকে তোলা। ২২ মে
সিকান্দার মিয়া কলসিতে করে গরুর দুধ নিয়ে শহরে যাচ্ছেন বিক্রির জন্য। প্রতিদিন ছয় থেকে সাত লিটার দুধ পেয়ে থাকেন। প্রতি লিটার বিক্রি করেন ১০০ টাকায়। কাগাশুরা, বরিশাল, ২২ মে
নিজের খেত থেকে পুঁইবিচি ও শাক সংগ্রহ করছেন পাহাড়ি এক কিষানি। স্থানীয় হাটে এগুলো বিক্রি হয় ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। সারা বছর বাণিজ্যিক চাষ হয় পুঁইশাকের। রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা দেবতাছড়ি, ২২ মে
খেয়াঘাটে বেঁধে রাখা নৌকা থেকে নদীতে ঝাঁপিয়ে শিশুদের দুরন্তপনা। শহড়াবাড়ী খেয়াঘাট, ধুনট উপজেলা, বগুড়া, ২২ মে
বাড়িতে আবাদ করা শাক তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এই গৃহস্থ। রংপুরের মিঠাপুকুর উপজেলার ইসলামপুর, ২২ মে
বাড়ির পাশের বাগানে হাঁড়িপাতিল নিয়ে খেলায় মগ্ন দুই শিশু। কাগাশুরা, বরিশাল, ২২ মে