রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ও সরকারি কলেজ প্রাঙ্গণের পাকুড়গাছ এখন পাখিদের মিলনকেন্দ্রে পরিণত হয়েছে। থোকায় থোকায় পাকুড় ফলের এই মৌসুমে ডালপালাজুড়ে চলছে পাখিদের ফল খাওয়ার ‘উৎসব’। আকাশ কিছুটা মেঘলা, প্রকৃতিতে রঙের চাকচিক্যও হয়তো আজ কিছুটা কম; কিন্তু খাবারের সন্ধানে পাখিদের প্রাণচাঞ্চল্যে কোনো কমতি নেই। ভোর থেকে গোধূলি অবধি এক ডাল থেকে অন্য ডালে চলে পাখিদের ওড়াউড়ি আর কিচিরমিচির।
