ঈদকে সামনে রেখে চট্টগ্রামের হাতে তৈরি পাদুকার কারখানাগুলো ব্যস্ত সময় পার করছে। ঈদে নিম্নমধ্যবিত্ত, নিম্নবিত্ত ক্রেতাদের কাছে হাতে তৈরি জুতার চাহিদা অনেক। তাদের কথা মাথায় রেখে জুতা তৈরি করতে দিন-রাত কাজ করে যাচ্ছেন কারিগরেরা। এসব কারখানার অধিকাংশই পূর্ব মাদারবাড়ি, পশ্চিম মাদারবাড়ি, নালাপাড়া, নিউমার্কেট এলাকার জলসা মার্কেটে অবস্থিত। এর মধ্যে পূর্ব মাদারবাড়ি নছু মালুম লেন এলাকাতেই রয়েছে প্রায় সাড়ে তিন শ জুতার কারখানা। কারখানাগুলোতে এক ডজনের নিচে জুতা বিক্রি হয় না। মান ও নকশার ওপর নির্ভর করে এক ডজন জুতার দাম পড়ে ১ হাজার ২০০ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। গত বুধবার পূর্ব মাদারবাড়ি নছু মালুম লেন এলাকা থেকে ছবিগুলো তোলা।