বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম আর নেই। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা গেছেন। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সদ্য ডিগ্রি নিয়ে ফেরা নুরুল ইসলাম সেই ১০ জন অর্থনীতিবিদের একজন ছিলেন, যাঁরা ১৯৫৬ সালে তদানীন্তন পাকিস্তানের পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল্যায়ন করতে গিয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে বিরাজমান ‘টু ইকোনমির’ তত্ত্ব প্রকাশ করেছিলেন। আইয়ুব খানের সঙ্গে ব্রেকফাস্ট মিটিংয়ের পরে লিখেছিলেন সেই বিখ্যাত মেমোরেন্ডাম, যাতে তিনি পাকিস্তানের দুটি প্রদেশের মধ্যে সমতা আনার জন্য পূর্ব পাকিস্তানে জাতীয় বিনিয়োগ ৩০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করেছিলেন। অধ্যাপক নুরুল ইসলাম মৃত্যুর আগপর্যন্ত খাদ্যনীতিবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) ইমেরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইয়েল, অক্সফোর্ড, কেমব্রিজ ও লন্ডন স্কুল অব ইকোনমিকস। প্রথম আলোর নিজস্ব আর্কাইভ থেকে নেওয়া বিভিন্ন সময়ের ছবি।