বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের গাংনগর এলাকায় গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী গাংনগর মেলা। মেলায় সবচেয়ে বড় আকর্ষণ বাহারি রকমের রসগোল্লা ও মিষ্টান্ন। বৈশাখ মাসের প্রথম সোমবার অথবা বৃহস্পতিবারে শুরু হয় এই মেলা। তা চলে টানা সাত দিন। দূরের গাঁয়ের বধূরা বাবার বাড়ি স্বামী ও সন্তানদের নিয়ে নায়র আসেন। আগের দিনে মেলাটি বসত প্রায় মাসব্যাপী। এখন তিন থেকে পাঁচ দিনের মধ্যেই মেলার জৌলুশ ফুরিয়ে যায়।
