সোনালি ধানের খেতের পাশ দিয়ে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে একদল কিশোরী। বগুড়ার সাত শিমুলিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের এসব শিক্ষার্থীর কারও বাড়ি বিদ্যালয় থেকে সাত-আট কিলোমিটার দূরে। আগে এতটা পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে বেশ কষ্ট হতো তাদের। কারও কারও পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রমও হয়েছিল। এখন সাইকেল সেই যাতায়াতের কষ্ট অনেকটাই কমিয়েছে। সাইকেলে স্কুলে যাওয়া-আসায় সময় ও অর্থ—দুটিই সাশ্রয় হচ্ছে। পাশাপাশি নিজেরাই যাতায়াত করতে পারায় বেড়েছে তাদের স্বনির্ভরতা। বগুড়া সদর উপজেলার সাত শিমুলিয়া, কাজী নুরুইল ও যশপাড়া গ্রামের কিশোরীদের সাইকেলে বিদ্যালয়ে যাওয়া-আসার এমন কিছু দৃশ্য নিয়ে এই ছবির গল্প।
