একঝলক (১৯ এপ্রিল, ২০২৩)

যত রোদ আর গরমই হোক। বাড়িতে তো মন বসে না, তাই ছাতা মাথায় খেলনা সাইকেলে চড়ে বাইরে বেরিয়েছে শিশুটি। দর্শনা এলাকা, রংপুর, ১৯ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
বৈশাখের প্রচণ্ড রোদে বিলের পানিও গরম। এর মধ্যে মাছ শিকারের জন্য খাঁচা নিয়ে চলেছেন এক জেলে। সাদুল্লাপুর কোল, পাবনা, ১৯ এপ্রিল
আলুর দাম বেড়েছে। প্রতি কেজি ২০ টাকা করে দাম পাচ্ছেন চাষিরা। কিছুদিন আগেই ১০ টাকা কেজি ছিল। কৃষকদের কাছ থেকে আলু কিনে পাইকাররা সিলেটে পাঠাচ্ছেন। নাসিরাবাদ, মিঠাপুকুর, রংপুর, ১৯ এপ্রিল
ঈদের ছুটিতে বিভিন্ন শহরে লেখাপড়া করা শিক্ষার্থীরা নিজ বাড়িতে এসেছেন। কিন্তু এর মধ্যে প্রচণ্ড দাবদাহ চলছে দেশজুড়ে। প্রচণ্ড গরমে প্রশান্তির জন্য জমিতে পানি সেচ দেওয়ার ডিপকলে গোসল করতে আসে শিশু-কিশোর ও যুবকেরা। কোলাদী, ভাঁড়ারা, পাবনা, ১৮ এপ্রিল
হাওরে বোরো ধানখেতের পাশের নিচু জমিতে পানি রয়েছে। সেই পানিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে এসেছেন স্থানীয় এক ব্যক্তি। দুপুর ১২টা, শিমুলকান্দি হাওর, সদর উপজেলা, সিলেট, ১৯ এপ্রিল
শহরবাসী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাচ্ছেন। নির্দিষ্ট গন্তব্যের গাড়ির দিকে ছুটছেন যাত্রীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ, ১৯ এপ্রিল
গ্রীষ্মের দাবদাহে জনজীবন বিপর্যস্ত। প্রচণ্ড গরমের মধ্যে পানিতে নেমে যেন একটু স্বস্তি খুঁজছে এক শিশু। শৈলালপাড়া, বগুড়া, ১৯ এপ্রিল
ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। বগুড়ার অংশে বারপুর আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে। সেখানে উড়ছে ধূলিকণা। দুর্ভোগে যাত্রী ও পথচারীরা। বারপুর এলাকা, বগুড়া, ১৯ এপ্রিল
খেত থেকে কাঁকরোল তোলা শুরু হয়েছে। চাষিরা প্রতি কেজি বিক্রি করছেন ২০ থেকে ২৫ টাকায়। কাঁকরোল কিনে বাজারে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন একজন পাইকার। মোলংহাট, মিঠাপুকুর, রংপুর, ১৯ এপ্রিল
ধান কাটার পর দুপুরের খাবার বিরতিতে পাহাড়ি নারী শ্রমিকেরা বাড়ি ফিরছেন সারি বেঁধে। অনেকেই গৃহপালিত গবাদিপশুর খাবার হিসেবে ঘাসও সংগ্রহ করে নিয়েছেন। শিমুজ্জেছড়া গ্রাম, রাঙামাটি, ১৯ এপ্রিল
আগুনে পোড়া রাজধানীর নিউ সুপার মার্কেটের দোকানগুলো সেজে উঠেছে বিভিন্ন ধরনের ঈদের পোশাকে। কেনাকাটাও বেড়েছে। ১৯ এপ্রিল
ঈদে নতুন জামা-পাঞ্জাবির সঙ্গে অনেকেই কিনছে টুপি। এসব টুপি ১২০ থেকে ২৫০ টাকা পর্যন্ত দাম চান দোকানি। ডাকবাংলা, খুলনা, ১৯ এপ্রিল
গরম ও বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে তালের পাখার। সুযোগ বুঝে বিক্রেতা দামও দিয়েছেন বাড়িয়ে। বিক্রেতা মোহাম্মদ আলী শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রতিটি তালের পাখা ৫০ টাকা দরে বিক্রি করছেন। গুহ লক্ষ্মীপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৯ এপ্রিল
গরমে হাঁসফাঁস অবস্থা। তা উপেক্ষা করেই ঈদবাজারে কেনাকাটায় ভিড় বেড়েছে মানুষের। ডাকবাংলা এলাকা, খুলনা, ১৯ এপ্রিল
প্রচণ্ড রোদে গরম থেকে বাঁচতে এক রিকশাচালক মাথায় জড়িয়েছেন জার্মান লতা। এতে নাকি মাথা ঠান্ডা থাকে, দাবি তাঁর। বাস্তুহারা, খুলনা, ১৯ এপ্রিল
কৃষকের ঘরে উঠছে পেঁয়াজের বীজ। কৃষকেরা খেত থেকে পেঁয়াজের বীজ তুলে এনেছেন। এখন গৃহবধূরা তা রোদে শুকাচ্ছেন। শুকানোর পর এগুলো মাড়াই করে বীজ সংগ্রহ ও সংরক্ষণ করা হবে। অম্বিকাপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৯ এপ্রিল
প্রচণ্ড গরমে বৃষ্টির দেখা নেই। চলছে তাপপ্রবাহ। অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। একটু প্রশান্তি পেতে এই শিশু-কিশোরেরা কৃষকের ধানখেতে সেচের পানিতে শরীর জুড়িয়ে নিচ্ছে। চর কৃষ্ণপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৯ এপ্রিল
চলছে ঈদের কেনাকাটা। পছন্দের পোশাক দেখছেন তরুণীরা। ষোলশহর ফিনলে স্কয়ার, চট্টগ্রাম, ১৯ এপ্রিল
স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছেন লোকজন। বিকেল পাঁচটা, চট্টগ্রাম রেলস্টেশন, ১৯ এপ্রিল
প্রচণ্ড গরমে হিমশিম জনজীবন। গরমের কষ্ট থেকে রেহাই নেই পশু-পাখিদেরও। স্বস্তি পেতে পাহাড়ের পাশে জলাশয়ে গা ভিজিয়ে বসে আছে একটি বন্য হাতি। বেলা দুইটা, কেইপি জেড এলাকা, আনোয়ারা, চট্টগ্রাম, ১৯ এপ্রিল