একঝলক (১৩ জুলাই ২০২২)

নদের পারে ঝোপঝাড়ে সারা দিন ঘাস খাওয়ানো হয়েছে মহিষগুলোকে। দিনের আলো থাকতে থাকতে খাওয়ানো শেষ করে নদের চর ধরে মহিষের পালের সঙ্গে বাড়ি ফিরছেন রাখালেরা। ধলাই নদ, ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট, ১৩ জুলাই
ছবি: আনিস মাহমুদ
গরমে শরবত তৈরিতে লেবুর চাহিদা বেড়ে যায় বেশ। পথের ধারে ঝুড়িতে করে ভ্রাম্যমাণ লেবু বিক্রেতাদের দেখাও মেলে বেশ। প্রখর রোদের মধ্যে ছাতা টানিয়ে লেবু বিক্রি করছেন এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। সুরমা পয়েন্ট, সিলেট, ১৩ জুলাই
সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর ভরা মৌসুম বর্ষাকালে। তবে এবার দুই দফা বন্যায় ভরা বর্ষায় ঈদের ছুটিতে পর্যটক হারিয়েছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো। যেকোনো উৎসবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকার ধলাই নদে শত শত পর্যটকবাহী নৌকা চলাচল করলেও এবারের চিত্র উল্টো। ঈদের ছুটিতে অনেকটা পর্যটকশূন্য ছিল সাদাপাথর। নদীতে পর্যটকবাহী নৌকার সংখ্যা ছিল হাতে গোনা। ভোলাগঞ্জ, সাদাপাথর, কোম্পানীগঞ্জ, সিলেট, ১৩ জুলাই
গরমে পানিতে হেলে পড়া একটি গাছের ডাল ধরে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। চন্দনপাট, সদর উপজেলা, রংপুর, ১৩ জুলাই
ঈদ শেষে কাজে নেমেছেন সব শ্রেণি–পেশার মানুষ। প্রচণ্ড রোদ আর গরম উপেক্ষা করে গরুর গাড়িতে আমন ধানের চারা নিয়ে জমির দিকে যাচ্ছেন দুই কৃষক। পালিচড়া, সদর উপজেলা, রংপুর, ১৩ জুলাই
ঈদের ‍ছুটিতে সিনেমা হলগুলোতে ভিড় আমাদের দেশে একটি ঐতিহ্য হলেও বর্তমানে ভাটা পড়েছে তাতে। আকাশ সংস্কৃতি ও ইন্টারনেটের যুগে বড় বাজেটের ছবিও টানতে পারছে না আগের মতো দর্শক। ঈদের পর যেখানে হাউসফুল হলের বাইরে অপেক্ষা করত দর্শক, সেখানে দেখা মিলল দর্শকের এই চিত্র। রূপকথা হল, পাবনা, ১৩ জুলাই
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে কর্মস্থলে ফিরতে রাজশাহী ছাড়ছেন ঘরে ফেরা মানুষ। রাজশাহী রেলস্টেশন, ১৩ জুলাই
ঈদের ছুটি শেষ হলেও এখনো রয়েছে আমেজ। চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিকেল সাড়ে চারটা, চট্টগ্রাম চিড়িয়াখানা, ১৩ জুলাই
শিকারের খোঁজে দূর আকাশে উড়ে বেড়াচ্ছে এক চিল। চেলোপাড়া এলাকা, বগুড়া শহর, ১৩ জুলাই
ঈদের আমেজে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন মানুষ। নারায়ণগঞ্জের দেওভোগে শেখ রাসেল পার্কে ঈদের চতুর্থ দিন ছিল উপচে পড়া ভিড়। ১৩ জুলাই
শীতের সবজি মুলা। কুমিল্লার বুড়িচং উপজেলার ভান্তীসহ বেশ কয়েকটি গ্রামের গোমতী নদীর চরে আগাম ফলন হয়েছে মুলার। মুলাখেতে আগাছা পরিচর্যায় ব্যস্ত কিষান-কিষানিরা। ১৩ জুলাই
চারদিকে বৃষ্টির পানিতে থইথই খাল–বিল, নদী-নালা। কনিজাল নিয়ে মাছ শিকারে নেমেছেন এক জেলে। ধরা পড়ছে ছোট ছোট দেশি প্রজাতির মাছ। দুর্গাপুর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১৩ জুলাই
২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ রয়েছে। নিষিদ্ধ সময় শেষ মাত্র কদিন পর, ১৩ জনের একটি দল এ ট্রলারে আবার সমুদ্রে যাবে। তাই চলছে জাল মেরামত। দড়াটানা, বাগেরহাট, ১৩ জুলাই