একঝলক (৫ এপ্রিল ২০২৩)

ঈদবাজারে নানাভাবে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে শপিং মল ও মার্কেটগুলো। এই প্রতিষ্ঠান বাঘ আর হরিণ দিয়ে সাজিয়ে রেখেছে তাদের বিক্রয়কেন্দ্র। জাকের সুপার মার্কেট, ঈশ্বরদী, পাবনা, ৪ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
হাতুর দিয়ে ইট ভাঙার কাজ করছেন অজুত মিয়া। সারা দিন ইট ভেঙে মজুরি পান ৪০০-৫০০ টাকা। তা দিয়েই চলে সাত সদস্যের পরিবার। চৈত্রের দুপুরে ছাতা টানিয়ে ইট ভাঙছেন তিনি। কুচাই এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ৫ এপ্রিল
গরম থেকে স্বস্তি পেতে একঝাঁক কাক জমে থাকা পানিতে নেমে পড়েছে। কোনোটি গোসল করছে, আবার কোনোটি পানি খাচ্ছে। টিক্কাচর এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ৫ এপ্রিল
বাগান থেকে বাহারি রঙের জারবেরা ফুল তুলে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটি ফুল ১৫ থেকে ২০ টাকায় বিক্রি করা হচ্ছে। ঘাষিড়া ডোগলাপাড়া, শাজাহানপুর, বগুড়া, ৫ মার্চ
পানের বরজে কাজ করছেন এক শ্রমিক। আর কয়েক দিনের মধ্যে পান বিক্রি শুরু হবে। মোলংহাট এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৫ এপ্রিল
ছুটির পর গলাগলি ধরে স্কুল থেকে বাড়িতে ফিরছে শিশুশ্রেণির তিন শিক্ষার্থী। তাদের তিন বন্ধুর মধ্যে হাসি গল্প আর খুনসুটি লেগেই থাকে সব সময়। জয়নগর, ঈশ্বরদী, পাবনা
কৃষক বাবুল শেখ নিজের ৪২ শতাংশ জমিতে বেগুন চাষ করেছেন। মেয়েকে সঙ্গে নিয়ে খেত থেকে বেছে বেছে বড় আকারের বেগুনগুলো তুলছেন তিনি। দেবীনগর, নগরকান্দা, ফরিদপুর, ৫ এপ্রিল
ফরিদপুরে এ বছর বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। রমজান মাসে ইফতারিতে এই ফলের চাহিদা রয়েছে। বাজারে দামও যাচ্ছে ভালো। আকারভেদে বাজারে প্রতিটি বাঙ্গি ৩০ টাকা থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খেত থেকে বাঙ্গি তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ভোজের ডাঙ্গি এলাকা, নগরকান্দা, ফরিদপুর, ৫ এপ্রিল
পোষা নারী হাতিটির নাম ‘বারুনী’। লোহার লম্বা শিকলের এক প্রান্ত তার গলা আর অপর প্রান্ত বড় আকারের দুটি গাছের সঙ্গে বাঁধা। ছোট-বড় টিলার উঁচু-নিচু পথ মাড়িয়ে গাছ টেনে নিয়ে ছুটছে। গাছের মালিক দৈনিক পাঁচ হাজার টাকায় তাকে ভাড়া করে এনেছেন। মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন টিলা-পাহাড়ি এলাকায় গাছ টানার কাজে পোষা হাতিকে ব্যবহার করা হয়ে থাকে। কুচাইতল পুঞ্জি এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ৪ এপ্রিল
ঢাকা শহরে গণপরিবহনে যাত্রীদের দুর্ভোগ দীর্ঘদিনের। রমজান মাসে ভোগান্তি আরও বেড়ে যায়। ফার্মগেট, ঢাকা, ৫ এপ্রিল
ঈদ মানে শিশুদের নতুন জামা। ওদের বায়না মেটানো আগে। তাই শিশুসন্তান নিয়ে পোশাকের দোকানে কেনাকাটায় ব্যস্ত অভিভাবকেরা। কৈলাশরঞ্জন মোড়, রংপুর, ৫ এপ্রিল