একঝলক (১৭ এপ্রিল ২০২৩)

সূর্যমুখীখেত থেকে পরিপক্ব বিচি সংগ্রহের কাজ করছেন পাহাড়ি নারীরা। ভুয়ো আদাম, নানিয়ারচর, রাঙামাটি, ১৭ এপ্রিল।
ছবি: সুপ্রিয় চাকমা
প্রচণ্ড তাপমাত্রা এবং এর ফলে প্রচণ্ড ওভারলোডেড বিদ্যুৎপ্রবাহ—দুয়ে মিলে পুড়ে গেছে বিদ্যুতের তার। তা সারাই করতে প্রচণ্ড গরমে প্রায় অরক্ষিত অবস্থায় ঝুঁকি নিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছেন বিদ্যুৎ বিভাগের এক কর্মী। নতুন রাস্তা এলাকা, খুলনা, ১৭ এপ্রিল।
কিশোরগঞ্জের হাওরের সব জায়গায় এখন ধান মাড়াইয়ের উৎসব চলছে। সর্বত্রই ধান কাটা, আনা–নেওয়া ও মাড়াইয়ের কাজ চলছে। তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রাকসহ অন্যান্য গাড়ি দিয়ে জমি থেকে ধান আনার খরচও বেশি পড়ছে। তাই বিকল্প হিসেবে অনেকেই মহিষের গাড়ি ধান টানার কাজে ব্যবহার করছেন। বড় হাওর, জয়কা এলাকা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৭ এপ্রিল।
বৈশাখের অসহনীয় গরমে অসহায় প্রাণিকুলও। পানির লাইন থেকে পানি উপচে পড়েছে সড়কে। একটু শীতল হতে পানিতে বসে আছে গরমে হাঁপিয়ে ওঠা কুকুরটি। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ১৭ এপ্রিল।
পদ্মা নদীতে মাছ শিকার শেষে দল বেঁধে বাড়িতে ফিরছেন তিন জেলে। মূলত নদীর পাড় ধরে মাছ শিকার করেন তাঁরা। কোমরপুর, দোগাছি, পাবনা, ১৭ এপ্রিল।
প্রচণ্ড দাবদাহের এ সময় কিছুটা স্বস্তি হয়ে এসেছে দখিনা বাতাশ। তাতেই ঘুড়ি ওড়াতে মাঠে নেমেছে দুই কিশোর। নাজিরপাড়া এলাকা, মিরসরাই, ১৭ এপ্রিল।
সাজছে সিলেট নগরের ঐতিহাসিক কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দান। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে চলছে ধোয়ামোছা আর রঙের কাজ। এবার নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এই ঈদগাহে। সিলেট, ১৭ এপ্রিল।
সিলেটে জমে উঠেছে ঈদের বাজার। বিপণিবিতান থেকে নগরের ফুটপাতে চলছে বেচাকেনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। পছন্দের জামা খুঁজছে অভিভাবকের সঙ্গে আসা এক শিশু। জিন্দাবাজার, সিলেট, ১৭ এপ্রিল।
প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচতে মুখে গামছা পেঁচিয়ে গন্তব্যে চলেছেন এক রিকশাচালক। দাবদাহে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে ভোগান্তিতে রয়েছেন খেটে খাওয়া মানুষেরা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ১৭ এপ্রিল।
এত দিন ভিড় না থাকলেও ঈদের আগে বেশ জমে উঠেছে ব্র্যান্ডের পোশাকের কেনাকাটা। পোশাক কিনতে আসছেন বিভিন্ন বয়সী ক্রেতা। আবদুস সাত্তার বিশ্বাস মার্কেট, পাবনা, ১৭ এপ্রিল।
সিলেটে কয়েক দিন ধরে লোডশেডিং হচ্ছে। পবিত্র রমজান মাসে প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছেন সিলেটের গ্রাহকেরা। বাসাবাড়ি থেকে শুরু করে অফিস-আদালতে নিত্যদিনের কাজে ব্যাঘাত ঘটছে। ইফতার ও সাহ্‌রির সময়ও লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়ছেন মানুষজন। বিদ্যুৎ না থাকায় চার্জার লাইট জ্বালিয়ে রান্না করছেন এক নারী। রাত দুইটা, শিবগঞ্জ লামাপাড়া, সিলেট, ১৬ এপ্রিল।
এক মোটরসাইকেলে তিন আরোহী। কারোর মাথায় নেই হেলমেট। এমন চলাচলই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি তৈরি করে। বিমানবন্দর সড়ক, সিলেট, ১৭ এপ্রিল
বিদ্যালয়ে কোচিং শেষ করে গ্রামীণ সড়ক ধরে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছে দুই বোন সিফা আক্তার ও সেতু আক্তার। ভাসান চর, অম্বিকাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১৭ এপ্রিল
নদীতে মাছ ধরতে নৌকা থেকে জাল ফেলছেন জেলেরা। বালাপাড়া, কাউনিয়া, রংপুর, ১৭ এপ্রিল
সিলেট অঞ্চলের বিভিন্ন হাওরে চলছে বোরো ধান কাটা। বৈশাখজুড়ে হাওরের ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত থাকবেন শ্রমিকেরা। হাওর থেকে ধান কেটে আনছেন কৃষকেরা। বাউয়ারকান্দি হাওর, সদর উপজেলা, সিলেট, ১৭ এপ্রিল
রোদ আর সড়কের তাপে পথ চলা মুশকিল। এরই মধ্যে কোলের সন্তানটির মাথায় পাখা ধরে রৌদ্রের আঁচ ঠেকিয়ে গন্তব্যে যাচ্ছেন এক নারী। শুভারামপুর, অম্বিকাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১৭ এপ্রিল
তীব্র গরমে অতিষ্ঠ। তাই গরুকে গোসল করানোর জন্য হাওরের একপাশে ধরে রাখা পানিতে নেমেছে এক শিশু। চামাউড়াকান্দি হাওর, সদর উপজেলা, সিলেট, ১৭ এপ্রিল
ঐতিহ্যবাহী গাংনগর মেলা আজ সোমবার শুরু হয়েছে। গাংনগর এলাকার শিবমন্দির ঘিরেই বসে মেলাটি। দীর্ঘদিন ধরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের গাংনগর এলাকায় মেলাটি বসে। মেলার সবচেয়ে বড় আকর্ষণ বাহারি রকম রসগোল্লা ও নানা পদের মিষ্টি। মেলায় আসা দর্শনার্থীরা মাটির হাঁড়ি ভরে মিষ্টি কিনে বাড়ি ফিরছেন। গাংনগর, শিবগঞ্জ, বগুড়া, ১৭ এপ্রিল
বৈশাখের খরতাপে কাবু সব প্রাণ। প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ সবাই। পোষা শালিকছানাকে পানি খাইয়ে তৃষ্ণা মেটাচ্ছেন একজন। বাইশটিলা গ্রাম, সদর উপজেলা, সিলেট, ১৭ এপ্রিল