একঝলক (২২ জুলাই ২০২৬)

কাজীবাছা নদীতে জাল টেনে নৌকায় তুলছেন জেলেরা। জালে ধরা পড়ছে নানা ধরনের মাছ। কচুবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২২ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
সাদা বুনোফুলের পাপড়িতে আশ্রয় নিয়েছে ছোট্ট একটি মাকড়সা। লাইমিপাড়া, বান্দরবান, ২২ জুলাই
সকালের বৃষ্টিতে ভিজে পিলারের ওপর বসে পালক ঝেড়ে শুকিয়ে নিচ্ছে তিন শালিক। আসামবস্তি সেতু, রাঙামাটি, ২২ জুলাই
কালো মেঘ কেটে গিয়ে নীল আকাশে সাদা মেঘের ছোটাছুটি। নিচে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়েছে আড়িয়াল খাঁ নদের তীরের জমি। তালতলী সেতু, চরবাড়িয়া, বরিশাল, ২২ জুলাই
কাপ্তাই হ্রদের পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। কাদাপানি মাড়িয়ে ছাতা ও বইয়ের ব্যাগ নিয়ে গন্তব্যে ছুটছে শিশুটি। সাধনাপুর, রাঙামাটি, ২২ জুলাই
বর্ষাকালে পানি পথে চলাচলের বাহন নৌকা। তাই বিক্রির জন্য কাঠের নৌকা তৈরি করে রাখছেন কারিগরেরা। আকারভেদে একেকটি নৌকা ৮ থেকে ১৫ হাজার টাকা দরে বিক্রি করেন তাঁরা। টেপাখোলা, ফরিদপুর, ২২ জুলাই
গ্রামের সবুজে ঘেরা পথ ধরে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। পূর্ব কচুয়া, গঙ্গাচড়া, রংপুর, ২২ জুলাই
পাটকাঠির বিনিময়ে কৃষকের জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়িয়ে দিচ্ছেন গ্রামের নারীরা। আদমপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২২ জুলাই
উজানের পানিতে ফুলে উঠছে যমুনা। তবে বগুড়ার সারিয়াকান্দি অংশে নদীর পানি এখনো বিপৎসীমার নিচে। মেঘলা আকাশের নিচে এই নদী পাড়ি দিচ্ছে একটি নৌকা। কালীতলা গ্রোয়েন, সারিয়াকান্দি, বগুড়া, ২২ জুলাই
খুলনার মোস্তফার মোড়-বয়রা বাইপাস লিংক সড়কের রায়েরমহল অংশ প্রায় এক বছর আগে সংস্কার করা হলেও ইতোমধ্যে সড়কজুড়ে আবারও সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। এর ফলে শহরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ভোগ কমাতে ফেলা হচ্ছে খোয়া। রায়ের মহল, হামিদ নগর, খুলনা, ২২ জুলাই
বিলের পানিতে মাছ শিকার শেষে খুঁটির ওপর বসে ডানা শুকাচ্ছে পানকৌড়ি। বটিয়াঘাটা, খুলনা, ২২ জুলাই
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার চেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি থাকায় মেঝেতেই চলছে চিকিৎসা। ময়মনসিংহ, ২২ জুলাই
হাওরের পানিতে ভাসমান পাতিহাঁসের পালের ছবি তুলছেন এক ব্যক্তি। নলি বিল, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২২ জুলাই
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কাছারিপাড়া এলাকায় তিস্তা নদীর ভাঙনে পাকাসহ ৭টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। ২০০৮ সালে নির্মাণ করা পাকা ঘরবাড়ি নদীতে ভেঙে যাওয়ায় বিলাপ করছেন সুলতানা বেগম। কাছারিপাড়া, গঙ্গাচড়া, রংপুর, ২২ জুলাই
বাড়ির সামনে বসে মাছ ধরার নতুন জালে মাটির তৈরি কাঠি লাগাচ্ছেন তিনি। নোহালি, গঙ্গাচড়া, রংপুর, ২২ জুলাই
জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনার স্মৃতিবিজড়িত গ্রাফিতি অনেকটা ঝাপসা হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ২২ জুলাই
গাছের ডালে চুপিসারে শিকারের অপেক্ষায় বসে আছে একটি গিরগিটি। বীরগ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২২ জুলাই
বাসাবাড়ি থেকে শুরু করে যানবাহনে সর্বস্তরে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। রাজধানীর বেশির ভাগ এলাকার সিএজি ফিলিং স্টেশনে গ্যাস নেই। আবার মহাখালীর একটি স্টেশনে গ্যাস থাকলেও সেখানে গ্যাসের চাপ ছিল কম। তাই স্টেশনের সামনে গ্যাস নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়ে যায়। মহাখালী, ঢাকা, ২২ জুলাই
ঠেলা জাল নিয়ে মাছ শিকারে যাচ্ছে দুই কিশোর। করিমগঞ্জ-নিকলী সড়ক, কিশোরগঞ্জ, ২২ জুলাই
ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিছানায় মশারি টানিয়ে রাখা হয়েছে। মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঢাকা, ২২ জুলাই
জলাশয়ের পানিতে ভেসে বেড়াচ্ছে একঝাঁক রাজহাঁস। কুন্দইশ, শাজাহানপুর, বগুড়া, ২২ জুলাই
ফুলের ওপর বসে আছে রঙিন প্রজাপতি। নোয়াপাড়া, খাগড়াছড়ি, ২২ জুলাই