ঈদের ছুটির দ্বিতীয় দিনে চট্টগ্রাম নগরের বিনোদনকেন্দ্রগুলোয় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পতেঙ্গা সমুদ্রসৈকত, চিড়িয়াখানা, শিশুপার্ক, ফয়’স লেক ও সি ওয়ার্ল্ড—সবখানে ছিল লোকে লোকারণ্য। সকালে লোক সমাগম কিছুটা কম হলেও বিকেলে তা বেড়ে যায় কয়েক গুণ। তখন এসব বিনোদনকেন্দ্রে প্রবেশ করতে হিমশিম খেতে হয় লোকজনকে। তবে ঘুরে আসার পর তাঁদের সে কষ্ট কিছুটা লাগব হয়েছে বলে জানান দর্শনার্থীরা। শহরের ভেতরে সমুদ্র দেখার সুযোগ আছে বলে প্রতিবছরের মতো এই বছরও সেখানে ভিড় করেন লাখো পর্যটক। আর বাঘ দেখার জন্য চিড়িয়াখানায় ভিড় করছেন বলে জানান সেখানে আসা দর্শনার্থীরা। তবে অনেকে গরম থেকে রেহাই পেতে বেছে নিয়েছেন ফয়’স লেকে অবস্থিত সি ওয়ার্ল্ডকে।