পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আজ সোমবার সকালে কমিটির নেতারা সেখানে যান।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহসভাপতি খন্দকার এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক ও দিলীপ কুমার রায়, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি গতকাল রোববার ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে কমিটির তালিকা প্রকাশ করা হয়।
গত ১০ এপ্রিল মহানগরকে দুই ভাগ করে উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছিল আওয়ামী লীগ। তখন উত্তরে এ কে এম রহমত উল্লাহকে সভাপতি ও সাদেক খানকে সাধারণ সম্পাদক করা হয়। আর দক্ষিণে আবুল হাসনাতকে সভাপতি ও শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক করা হয়। ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয় ২০১২ সালের ডিসেম্বরে। উত্তর ও দক্ষিণে ভাগ করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয় গত ১০ এপ্রিল। পাঁচ মাস পর ঘোষণা করা হলো পূর্ণাঙ্গ কমিটি। ১০ এপ্রিল প্রতিটি থানা ও ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছিল।