ছয় বছর পর আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ষষ্ঠ জাতীয় সম্মেলন। সকাল থেকেই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে উৎসবমুখর পরিবেশে নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। তবে ওই এলাকার রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলররা ও সোহরাওয়ার্দী উদ্যানে ডেলিগেটরা বসেছেন। তবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢোকার সময় কিছুটা বিশৃঙ্খলা দেখা গেছে। দলের নেতা-কর্মীরা সম্মেলনের সফলতা কামনা করে স্লোগান দিচ্ছেন।
সকাল ১০টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মেলন উদ্বোধন করার কথা। ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’—স্লোগান নিয়ে এবারের সম্মেলন হচ্ছে।