
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্যসচিব নুরুল হকসহ দলটির নেতারা। রেজা কিবরিয়া জানান, আজ শনিবার দুপুর ১২টার দিকে তাঁরা হাসপাতালে যান এবং এক ঘণ্টার মতো সেখানে ছিলেন।
রেজা কিবরিয়া প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। তাঁকে দেখা সম্ভব হয়নি। তবে তাঁর চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন সূত্রে জেনেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) থাকাকালে খালেদা জিয়ার ঠিকমতো চিকিৎসা হয়নি এবং নিয়মিত চিকিৎসকেরা যেতেন না। সেখানে অনিয়মের কারণে এখন তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়েছে।
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বোঝার জন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন জানিয়ে রেজা কিবরিয়া বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি রাজনৈতিক নয়, মেডিকেলের। চিকিৎসকদের সঙ্গে কথা বলে সরকারের উচিত পদক্ষেপ নেওয়া। দেশের ভাবমূর্তির জন্য হলেও একজন বয়স্ক নারী হিসেবে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া উচিত। সরকার এ বিষয়ে পুনর্বিবেচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।