বিএনপি কি একদলীয় শাসনব্যবস্থা তৈরি করতে চাইছে, এই প্রশ্ন সংসদে তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তাঁর এই প্রশ্ন তোলার কারণ, বিরোধী দলের আসনগুলোতে সরকারদলীয় নারী সদস্যদের ‘অতিরিক্ত’ দায়িত্ব দেওয়া।
আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই প্রশ্ন তোলেন আখতার হোসেন, যিনি আওয়ামী লীগের একদলীয় শাসন উৎখাতে জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন।
সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য জীবা আমিনা খানের এক বক্তব্য ধরে বিএনপির উদ্দেশ্য নিয়ে প্রশ্নটি তোলেন আখতার হোসেন।
একটি সম্পূরক প্রশ্ন করতে গিয়ে জীবা আমিনা খান বলেছিলেন, ‘গতকালকে আমার অতিরিক্ত দায়িত্বের পীরগঞ্জ ও মিঠাপুকুর সফর করে এসেছি।’
এরপর পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে উঠে দাঁড়ান আখতার হোসেন, যাঁর নির্বাচনী এলাকার মধ্যে পীরগাছা উপজেলা রয়েছে।
এনসিপি নেতা বলেন, ‘তিনি (জীবা আমিনা) সেখানে যাওয়ার পরে বিএনপি নেতা–কর্মীদের এ ধরনের বক্তব্য দিতে শুনেছি—এ আসনে নির্বাচিত যে এমপি রয়েছেন, তিনি এমপি না, সংরক্ষিত আসনের যিনি এমপি, তিনিই ওখানকার এমপি। যে ধরনের কাজ হোক না কেন, তাঁর মাধ্যমে হতে হবে।’
আখতার হোসেন বলেন, এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, কাউকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বলছেন, অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এনসিপির সদস্যসচিব জানতে চান, আসলে কোন বিষয়টা সত্য? অতিরিক্ত দায়িত্বের আওতা কত? সেটা কীভাবে পালন করা হবে? সেই অতিরিক্ত দায়িত্বের সাংবিধানিক বৈধতা কতটুকু?
এই প্রথম সংসদে যাওয়া আখতার বলেন, ‘অতিরিক্ত দায়িত্ব শুধু বিরোধী দলের সংসদ সদস্যরা যে আসনে নির্বাচিত হয়েছেন, সে আসনগুলোতে অতিরিক্ত দায়িত্বটা দেওয়া হয়েছে। এখানে আশঙ্কার জায়গা তৈরি করছে, বিএনপি কি বিরোধী দলের আসনে তাদের নারী এমপিদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা তৈরি করতে চায়? বিষয়টি আমাদের কাছে অনানুষ্ঠানিক ছিল, কিন্তু সংসদে বলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসেছে। আমরা সুরাহা চাই, সরকারের কাছে ব্যাখ্যা চাই।’
আখতারের বক্তব্যের পর বিষয়টি ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জন্য কোনো সুনির্দিষ্ট আঞ্চলিক নির্বাচনী এলাকা নেই; পুরো বাংলাদেশেই তাঁরা সংসদীয় দায়িত্ব পালন করতে পারেন। সংরক্ষিত নারী আসনের সদস্যরাও অন্যদের মতো পূর্ণাঙ্গ সংসদ সদস্য। সংসদ সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা থেকে তাঁরা যে বরাদ্দ পান, তা বাংলাদেশের যেকোনো স্থানে দিতে পারেন।
কোনো সংরক্ষিত নারী আসনের সদস্য সংসদে একটি বা দুটি এলাকাকে ‘আমার এলাকা’ হিসেবে উল্লেখ করলে তিনি নিজেই নিজের কার্যপরিধি সীমিত করেন বলে মন্তব্য করেন সালাহউদ্দিন।