বাজেট সরকারের বেসামাল অবস্থার প্রতিফলন

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সরকারের বেসামাল অবস্থার প্রতিফলন ঘটেছে বলে দাবি করেছে গণতন্ত্র মঞ্চ। জোটের নেতাদের মতে, গোঁজামিলের এ বাজেটে আশাবাদী হওয়ার মতো কিছু নেই। বিপর্যস্ত অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো দিকনির্দেশনা নেই বাজেট প্রস্তাবে।

আজ শুক্রবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়া জানানো হয়। গণতন্ত্র মঞ্চের পক্ষে জোটের নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠান।

গণতন্ত্র মঞ্চের প্রতিক্রিয়ায় বলা হয়, বাজেট প্রস্তাবে জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতা ও অসংবেদনশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে। বাজেট প্রস্তাবে বাজারের নৈরাজ্য থেকে জনগণকে রক্ষার কোনো কার্যকর ও বিশ্বাসযোগ্য প্রস্তাব নেই। বাজেটে জীবনযাত্রার অসহনীয় ব্যয়ভার ও বাজারের আগুনে পুড়তে থাকা সাধারণ মানুষের জন্য স্বস্তির কোনো খবর নেই। মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনারও কোনো কার্যকর উদ্যোগ নেই।

সেবা পেতে কর ধার্যের প্রস্তাব করাকে অবিশ্বাস্য ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। প্রতিক্রিয়ায় জোটের নেতারা বলেছেন, কোটি কোটি মানুষের জীবন-জীবিকা যখন হুমকির মুখে, তখন রিটার্ন জমাসহ ৪০ রকম সেবা পেতে কর ধার্যের প্রস্তাব করা হয়েছে। এটি অবিশ্বাস্য। সীমাহীন চুরি, দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে বাজেটের ঘাটতি মেটাতে সাধারণ মানুষের ওপর নতুন নতুন করের বোঝা চাপানো হচ্ছে। স্বস্তির পরিবর্তে এ বাজেট নতুন দুর্যোগের আশঙ্কা সৃষ্টি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, কঠিন সময়ে সরকারের খরচ কমিয়ে আনার পরিবর্তে রাজস্ব ব্যয় আরও বৃদ্ধি করা হয়েছে। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষির মতো মৌলিক খাত প্রয়োজনীয় মনোযোগ পায়নি। বরং আইএমএফের সামান্য ঋণ পেতে অনেকগুলো খাতে ভর্তুকি প্রত্যাহার করে জনগণকে নতুন বিপদের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

গণতন্ত্র মঞ্চ মনে করে, প্রস্তাবিত বাজেট জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে অর্থনৈতিক-সামাজিক নৈরাজ্য ও বৈষম্য আরও বিস্তৃত করবে।