ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাওয়ার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে যোগ দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাওয়ার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে যোগ দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

জনগণই ঠিক করবে, তারা কাকে ক্ষমতায় বসাবে: রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সেই নির্বাচনে জনগণই ঠিক করবে, তারা কাদের ক্ষমতায় বসাবে।’

আজ শুক্রবার পথচারীদের মধ্যে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাওয়ার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন রুহুল কবির রিজভী।

থাইল্যান্ড সফর শেষে ঢাকার ফেরার পর গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আমাকে উৎখাত করলে পরবর্তীতে তাহলে কে আসবে? কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়। সেটা স্পষ্ট নয় বলে তারা জনগণের সাড়া পাচ্ছে না।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ব্যাপারে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে সেই নির্বাচনে জনগণই ঠিক করবে, তারা কাদের ক্ষমতায় বসাবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না।

রিজভী অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে গত ২৮ অক্টোবর বিএনপির জনসভা পণ্ড করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তিনি (ওবায়দুল কাদের) বলেছেন, ‘পঁচাত্তরের পর দ্বাদশ জাতীয় নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হয়েছে। তাহলে তিনি স্বীকার করে নিলেন ১৯৯৬, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচন ঠিক ছিল না।’

বিএনপির আন্দোলন সম্পর্কে রিজভী বলেন, গণতন্ত্র ফেরাতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপির নেতা-কর্মীরা অদম্য সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন। নিপীড়ন-নির্যাতন করে, খুন করে, গুম করে এ আন্দোলন দমানো যাবে না।

তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে রিজভী

রুহুল কবির রিজভী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনও করেছেন। এ সম্মেলনে তিনি জানিয়েছেন, উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের যে অবস্থান তাঁরা নিয়েছেন, সে ব্যাপারে কারণ ব্যাখ্যা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি এক ভাষণ দিয়েছেন। বর্তমান সরকারের অধীনে নির্বাচন কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু হবে না বলে বিএনপি মনে করে। সংবাদ সম্মেলনে এই বক্তব্য তুলে ধরেন রিজভী।