মুশফিকুর রহমান (বাঁয়ে) ও আবদুল হান্নান মাসউদ (ডানে)
মুশফিকুর রহমান (বাঁয়ে) ও আবদুল হান্নান মাসউদ (ডানে)

জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সী হান্নান মাসউদ, সবচেয়ে বেশি বয়সী মুশফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। আর সবচেয়ে বেশি বয়সী বিএনপির মুশফিকুর রহমান। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

হলফনামা অনুযায়ী, মুশফিকুর রহমানের জন্ম ১৯৪০ সালের ৮ জানুয়ারি। এবার মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর বয়স ছিল ৮৫ বছর ১১ মাস।

তিনি ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ১ লাখ ৩৯ হাজার ৮৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান সরকার পেয়েছেন ৯১ হাজার ৭৯৬ ভোট।

সাবেক সচিব মুশফিকুর রহমান বিএনপিতে যোগ দিয়ে ২০০১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে ২০০৮ সালের নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন।

এদিকে নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে জয় পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। তাঁর বর্তমান বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনেই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। জুলাই গণ–অভ্যুত্থানে তিনি সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পান। পরবর্তী সময়ে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন এবং ১১–দলীয় জোট-সমর্থিত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

সংশোধনী : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ এ দুপুর ২টা ২৫ মিনিটে প্রকাশিত এই প্রতিবেদনে অনবধনতাবশত সবচেয়ে বেশি বয়সী প্রার্থী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রকাশিত হয়েছিল। বিষয়টি গোচরে আসার পর ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৫৫ মিনিটে প্রতিবেদনটি সংশোধন করা হয়। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।