দলটির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা। ১৬ ফেব্রুয়ারি
দলটির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা। ১৬ ফেব্রুয়ারি

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত জনগণের সঙ্গে থাকবে: শফিকুর রহমান

জামায়াতে ইসলামী সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, বিগত সরকারের শাসনে প্রাতিষ্ঠানিক সব কাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে। এগুলো ফিরিয়ে আনতে হলে সরকারি দলের দায়িত্ব বেশি। তাদের মূল ভূমিকা রাখতে হবে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত জনগণের সঙ্গে থাকবে।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়-সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা। সেখানে জামায়াত আমির এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘জনস্বার্থ ও দেশের স্বার্থ সংরক্ষণই হবে জামায়াতের মূল দায়িত্ব। এদিকে সজাগ দৃষ্টি দেখে জামায়াত দায়িত্ব পালন করবে।’

নির্বাচন বাহ্যত শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘কিছু জায়গায় কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়া, কিছু উচ্ছৃঙ্খল আচরণ এগুলোকে একদিকে রাখলে বাহ্যত মনে হবে এটি শান্তিপূর্ণই হয়েছে। জনগণ বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোটও দিয়েছে। কিন্তু ভোট দেওয়ার পরের পর্যায়টা ছিল অস্পষ্ট। সেখানে বেশ কিছু অনিয়ম হয়েছে। এ ব্যাপারে আমরা কনসার্নদের (সংশ্লিষ্টদের) জানিয়েছি।’

শফিকুর রহমান বলেন, দুনিয়ার সভ্য দেশগুলোর সংসদে কার্যকর ও গঠনমূলক বিরোধী দল হিসেবে যে দায়িত্ব পালন করা হয়, সেই সংস্কৃতি বাংলাদেশে দেখতে চায় জামায়াত। সংসদে বিরোধী দল যেন তার ন্যায্য অধিকার, কথা বলার অধিকার পায়, সেটি নিশ্চিত করতে হবে।

জামায়াত নতুন সরকারের পাশে থাকবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, হাতে হাত রেখে কাজ করা হবে। তবে স্বার্থ বিঘ্নিত হলে জামায়াত তাদের দায়িত্ব পালন করবে। এই পাহারাদারির মাধ্যমে জাতিকে কাঙ্ক্ষিত গণতন্ত্রের রাস্তায় ওঠানো সম্ভব হবে।

জামায়াত আমির বলেন, সরকারি দল সুযোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের অধিকার সংরক্ষণ, জননিরাপত্তা নিশ্চিত ও সিন্ডিকেটের কবল থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হবে। এ ক্ষেত্রে জামায়াত সহযোগিতা করবে।

শফিকুর রহমান বলেন, অতীতে দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ ছিল না। সমবেত প্রচেষ্টায় সরকারি দল ও বিরোধী দল দায়িত্বশীল আচরণ করলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এর কোনো বিকল্প নেই। তবে এই পরিবেশ ফিরিয়ে আনা সহজ হবে না। অনেক চ্যালেঞ্জ আছে। এ ক্ষেত্রে সবার আন্তরিকতা থাকতে হবে।

নির্বাচনের আগে জামায়াত জনগণের সামনে যেসব বিষয় নিয়ে কথা বলেছে, বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান থেকে সবটুকু বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, সুদিনে কিংবা দুর্দিনে জামায়াত সব সময় জনগণের সঙ্গে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সেক্রেটারি মতিউর রহমান আকন্দসহ অনেকে। এ ছাড়া সারা দেশে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।