
বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সাম্যের সমাজ গড়ার লক্ষ্যে রাজনীতি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এই লড়াই চালিয়ে নিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। রাশেদ খান মেননের মতো যাঁরা দেশের জনগণের জন্য ত্যাগ, তিতিক্ষা ও আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁদের ইতিহাস তরুণদের সামনে তুলে ধরতে হবে।
রাশেদ খান মেননের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জন্মোৎসব ও সম্মিলন সভায় অতিথিরা এসব কথা বলেন। ‘৮০তে জনতার মেনন’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ৮০তে জনতার মেনন উদ্যাপন জাতীয় কমিটি।
অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘কঠিন এক সময় পার করছি। রাজনীতি, সমাজ মৃত্যুপথযাত্রী। বৈষম্য এত বেড়েছে! আত্মত্যাগের রাজনীতি এখন নেই, চারদিকে শুধু পাওয়ার রাজনীতি। তরুণ প্রজন্ম রাজনীতিবিমুখ। সামনের পথ পাড়ি দেওয়ার দায়িত্ব নিতে হবে তরুণ প্রজন্মকে। নতুন প্রজন্ম দায়িত্ব না নিলে স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশের যে অন্তর্নিহিত লক্ষ্য, সেটি অর্জন ব্যাহত হবে।’
দেশবাসীর কাছে তাঁর রক্তের ঋণ রয়েছে মন্তব্য করে রাশেদ খান বলেন, ‘যত দিন বেঁচে থাকব, এই রক্তের ঋণ শোধ করার চেষ্টা চালিয়ে যাব। জীবনের শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা।’
সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘কোনো আত্মদানই বৃথা যায় না। একটি স্বাধীন দেশে নিশ্বাস নিয়ে যাচ্ছি, এটি আমাদের বড় অর্জন। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযাত্রী হিসেবে রয়েছেন রাশেদ খান মেনন।’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, বর্তমান ছাত্রসমাজের দিকে তাকিয়ে হতাশ হতে হয়। বিগত দিনে ছাত্ররাজনীতি করে যাঁরা এখনো সম্মান অক্ষুণ্ন রেখেছেন, তাঁদের মতো হতে হবে। তরুণদের সামনে রাশেদ খান মেননদের ত্যাগ, তিতিক্ষা ও আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরতে হবে।
৮০তে জনতার মেনন উদ্যাপন জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, রাশেদ খান মেনন তাঁর রাজনীতিকে মরতে দেননি। মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা হবে, দেশ হবে বৈষম্যহীন—এমন সমাজ গড়ার স্বপ্ন দেখান তিনি।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, দেশের মেহনতি মানুষের পক্ষে রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন রাশেদ খান মেনন। অসাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিকতা থেকে তিনি কখনো সরে যাননি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, ‘মেনন ভাইয়ের রাজনীতির পথ ও পদ্ধতির সঙ্গে কিছু পার্থক্য থাকতে পারে। কিন্তু আমাদের মধ্যে মিল বেশি৷ রাশেদ খান মেনন সব বাম দলগুলোকে সঙ্গে নিয়ে বাম আন্দোলনের নেতৃত্ব দেবেন, এটা আমার প্রত্যাশা।’
রাশেদ খান মেননকে একজন আপাদমস্তক রাজনীতিবিদ অভিহিত করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, রাশেদ খান একজন জাঁদরেল ছাত্রনেতা, নির্যাতিত নেতা ও তুখোড় সংসদীয় বক্তা। রাজনৈতিক জীবনে তিনি মুনশিয়ানার পরিচয় দিয়েছেন।
রাশেদ খান মেননের স্ত্রী সংসদ সদস্য লুৎফুন্নেসা খান বলেন, রাশেদ খান মেনন মাইলের পর মাইল হেঁটেছেন। বৃষ্টিতে ভিজেছেন, রোদে পুড়েছেন। কৃষক-শ্রমিকদের পাশে থেকেছেন। দলকে সংগঠিত করে ছুটে বেড়িয়েছেন। জেল খেটেছেন।
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, দেশের রাজনীতিতে যে সংকট চলছে, তাতে জনগণ সুস্পষ্ট দিকনির্দেশনা চায়। রাশেদ খান মেনন তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে তা দিতে পারেন।
জনগণ ও দলই রাশেদ খান মেননের মূল পরিবার বলে মন্তব্য করেন তাঁর ছোট ভাই শহীদুল্লাহ খান (বাদল)। তিনি বলেন, তরুণ সমাজের সামনে বৃদ্ধিবৃত্তিক দিকনির্দেশনা দেওয়ার মতো ব্যক্তিত্বের অভাব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, রাশেদ খান মেননের ছোট ভাইয়ের স্ত্রী নায়লা খান প্রমুখ।
‘আলোর পথযাত্রী’ গানের সঙ্গে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা হয়। পরে বর্ণিল আলোকচ্ছটায় ফুটিয়ে তোলা হয় রাশেদ খান মেননের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। গণসংগীত, আবৃত্তি, নাচের পাশাপাশি ছিল রাশেদ খান মেননের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। ‘৮০তে জনতার মেনন’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
মানপত্র পাঠ করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। রাশেদ খান মেননকে উত্তরীয় পরিয়ে দেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। রাশেদ খান মেননের জন্মদিন উপলক্ষে নির্মিত ‘মহাজীবনের এক জীবন’ শীর্ষক প্রামাণ্যচিত্র দেখানো হয়। রাশেদ খান মেননকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। অনুষ্ঠান শেষ হয় গণসংগীতের মধ্য দিয়ে।