যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান রাজনৈতিক শক্তির মূল দায়িত্ব: ইনু

স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের ঘটনার ওপর নির্মিত একটি টেরাকোটা শিল্পকর্ম জাসদ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে
ছবি: সংগৃহীত

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান এবং সংবিধান রক্ষাই এখন দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির মূল দায়িত্ব।

আজ বৃহস্পতিবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জাসদ জানায়, ১৯৭১ সালের ২৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের ঘটনার ওপর নির্মিত একটি টেরাকোটা শিল্পকর্ম জাসদ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলটির সভাপতি এ কথা বলেন।

হাসানুল হক অভিযোগ করেন, বিএনপি স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, পাকিস্তানপন্থী রাজনীতির মূল ঘাঁটি। বিএনপি দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক সরকার এনে সংবিধান ওলট–পালট করার ঘোষণা দিয়েছে। তিনি বলেন, স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হলেও মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি এখনো স্বাধীনতা মেনে নেয়নি। তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত বিষয়গুলো অমীমাংসিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।