
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন এ হত্যাকাণ্ডেরর অন্যতম ‘মাস্টারমাইন্ড’। দুঃখজনক হলেও সত্য, আজও তারা আস্ফালন করে।
শেখ জামালের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার সকালে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে ঘাতকদের হাতে নিহত হন শেখ জামাল।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আজ শহীদ শেখ জামালের শুভ জন্মদিন। জন্মদিনে তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শহীদ শেখ জামাল ১৯৭১ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, শেখ রেহানা এবং শেখ রাসেলের সঙ্গে পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। সেই বন্দিদশা থেকে তিনি পালিয়ে গিয়ে, পায়ে হেঁটে নানাভাবে দুর্গম পথ পাড়ি দিয়ে আগরতলায় গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘পুরো ৯ মাস তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সম্মুখসমরে অংশ নেন। পরবর্তীকালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হয়েছিলেন। বিশ্ববিখ্যাত সেনা প্রশিক্ষণকেন্দ্র ব্রিটেনের স্যান্ডহার্স্ট থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি একজন মেধাবী তরুণ ছিলেন। একই সঙ্গে সংস্কৃতিমনা মানুষ ছিলেন। সংস্কৃতি চর্চা করতেন। খেলাধুলার প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল।’
তথ্যমন্ত্রী বলেন, শেখ জামালের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ একজন মেধাবী তরুণকে হারিয়েছিল। একজন সম্ভাবনাময় তরুণ, যিনি দেশকে অনেক কিছু দিতে পারতেন, দেশ গঠনে অবদান রাখতে পারতেন, তাঁকে হত্যা করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আওলাদ হোসেন, দলের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।