ডেঙ্গু রোগের বিস্তার ঠেকাতে এডিস মশা নিধনের জন্য সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এক সমাবেশে এ দাবি জানায় দলটি।
সিপিবি নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার–পরিচ্ছন্ন অভিযান চালাতে হবে। ডেঙ্গুর লার্ভা নির্মূল করার জন্য প্রতিদিন সকালে স্প্রে করতে হবে।
বিশেষ করে নর্দমা, ডোবা, নালা যেখানে মশার লার্ভা জন্ম নেয়। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি এলাকায় প্রতিদিন ফগিং করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম। এ সময় বক্তব্য দেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য সেকেন্দার হায়াৎ, শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুব ইউনিয়ন পল্টন থানার সভাপতি রফিজুল ইসলাম রফিক, হকার নেতা মো. হানিফ ও মজিদ শেখ।
সমাবেশ শেষে একটি মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টনের মুক্তি ভবনে শেষ হয়।