
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত চমৎকার। এই সম্পর্ককে সরকার আরও ঘনিষ্ঠ করতে চায়।
গতকাল রোববার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
‘আমেরিকা না গেলে কিছু আসে–যায় না, পৃথিবীতে অনেক মহাদেশ আছে’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘নতুন ভিসা নীতি ঘোষণার পর যারা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে টেনশনে আছে, তাদের টেনশন কমানোর জন্য প্রধানমন্ত্রী এ কথা বলেছেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমরা সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাই এবং সে কারণে আপনারা দেখেছেন যে পররাষ্ট্র ও আরও অন্যান্য বিষয়ে সরকার অনেক ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ তিনি আরও বলেন, ‘একই সঙ্গে অন্যান্য দেশ-মহাদেশ যেমন, দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্যের আসিয়ানভুক্ত দেশগুলোতে এবং ওশেনিয়া অঞ্চলে বাণিজ্যের প্রচুর সম্ভাবনাময় এলাকায় আমরা বাণিজ্য বাড়াতে চাই। প্রধানমন্ত্রী সে কথাই বলেছেন।’
হাছান মাহমুদ বলেন, বাধ্যতামূলক কর দিতে হবে, এটা সঠিক নয়। যাঁদের ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (টিআইএন) সার্টিফিকেট আছে, কিন্তু আয়কর বিবরণী দাখিল করেন না, তাঁদের দুই হাজার টাকা ফি দিয়ে আয়কর বিবরণী দাখিল করার কথা বলা হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রস্তাবিত বাজেটে জিডিপির অনুপাতে ঘাটতি ৫ দশমিক ২ শতাংশ। অন্যদিকে ভারতের ক্ষেত্রে এ ঘাটতি ৫ দশমিক ৯ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৬ শতাংশ, যুক্তরাজ্যে ৫ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি। শুধু তাই নয়, পৃথিবীর শতাধিক দেশের বাজেটেই ঘাটতি থাকে।