ঢাকার পথে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ভেতরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বুধবার রাতের ছবি
ঢাকার পথে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ভেতরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বুধবার রাতের ছবি

দেশের পথে তারেক রহমান

যুক্তরাজ্য থেকে ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দেশের উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করেছে। তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।

দেশে আসার জন্য বাংলাদেশ সময় রাত আটটার পর লন্ডনের বাসা থেকে পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। রাত সোয়া ১০টায় তিনি বিমানবন্দরে পৌঁছান। পরে ‘চেক-ইন’ করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তারেক রহমান।

তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগে তাঁর বিশেষ সহকারী আবদুর রহমান (সানি) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লাগেজগুলো ‘চেক-ইন’ করান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

লন্ডনের হিথরো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে তিনি দেশের উদ্দেশে যাত্রা করেছেন

তারেক রহমানের এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। আজ দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারেক রহমানের তিন দিনের কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাতে

বিএনপির এই নেতা বলেন, আগামীকাল দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফুট রাস্তায় সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন তিনি। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় হয়ে গুলশান-২ নম্বরে বাসভবনে চলে আসবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ সহকারী আবদুর রহমান (সানি) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন, ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিনকে হিথরো বিমানবন্দরে লাগেজ ‘চেক-ইন’ করতে দেখা যায়। ২৪ ডিসেম্বর ২০২৫

সালাহউদ্দিন আহমদ বলেন, পরদিন শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর আগামী শনিবারও দুটি কর্মসূচি রয়েছে। ওই দিন জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তিনি। এ ছাড়া শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।