
ভারতের নবনির্মিত পার্লামেন্টে স্থাপিত মানচিত্রে বাংলাদেশকে ‘অখণ্ড ভারতের’ অংশ দেখানো অবমাননাকর দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে গণসংহতি আন্দোলন। রোববার এক যৌথ বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান।
বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিজেপি সরকারের স্থাপন করা এই ম্যুরাল বাংলাদেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রতি এক অবমাননাকর দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা এবং বাংলাদেশের জনগণের মর্যাদাবোধকে দারুণভাবে আহত করেছে। বিবৃতিতে এই ম্যুরাল অপসারণের দাবি জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘তথাকথিত অখণ্ড ভারতের এই ম্যুরাল এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য খুবই উদ্বেগজনক। আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের ন্যক্কারজনক নীরবতাও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইতিমধ্যেই নেপাল ও পাকিস্তান এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এ অঞ্চলে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী একমাত্র দেশ হওয়া সত্ত্বেও এ দেশের শাসকদের এ নীরবতা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।’