
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করবে ১২–দলীয় জোট। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা ১২–দলীয় জোট এ ঘোষণা দেয়।
জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, দাবি আদায়ের জন্য ১৮ জুলাই ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা হবে। ঢাকায় এ পদযাত্রা হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত। পরদিন ১৯ জুলাই ঢাকায় একই সময়ে উত্তরার আবদুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে চলমান যুগপৎ আন্দোলনকে চূড়ান্ত ও অধীর লক্ষ্যে এগিয়ে নিতে তাঁরাও সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করছেন। বর্তমান বাস্তবতায় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই।
লিখিত বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আজ থেকে ১২–দলীয় জোটের এক দাবি, বর্তমান সরকারের পদত্যাগ। এরপর নির্দলীয় সরকার গঠন করে নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক সরকার গঠনের কাজ শুরু হবে।
এ সময় জাতীয় পার্টির (জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার বলেন, দেড় যুগ ধরে বর্তমান স্বৈরাচারী সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে রেখেছে। এত দিন অনেক সহ্য করা হয়েছে। এখন একটাই দাবি, এই সরকারের পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে সত্যিকারের নির্বাচন এবং খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি।
সংবাদ সম্মেলনে ১২–দলীয় জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন।