ভবিষ্যতেও সংবিধান মেনে নির্বাচন হবে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সংবিধান অনুসারে নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। ভবিষ্যতেও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সাংবিধানিক ধারাবাহিকতায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই বলেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অবৈধ-অনির্বাচিত সরকার বলার ধৃষ্টতা দেখাতে পারেন। বিগত সময়ে সাংবিধানিক বিধান অনুযায়ী নির্বাচন হয়েছে এবং দেশের জনগণ তাতে আওয়ামী লীগের প‌ক্ষে রায় দিয়েছে। আগামী দিনেও একই প্রক্রিয়ায় নির্বাচন হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করে অগণতান্ত্রিক কোনো অপশক্তির কাছে ক্ষমতা হস্তান্তর অথবা অর্পণ এ দেশের জনগণ মেনে নেবে না।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমানের বুটের তলায় পিষ্ট হয় এ দেশের মানুষের মৌলিক অধিকারসহ সব গণতান্ত্রিক অধিকার। সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেন।

দুর্নীতি বিষয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে কথা বলেছেন! এটা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু নয়। তাদের নেতা দুর্নীতির বরপুত্র তারেক রহমান হাওয়া ভবন খুলে দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করেছিলেন। লুটপাট ও অর্থ পাচারকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। অর্থ পাচার মামলায় দণ্ডিত হয়ে তারেক রহমান বিদেশে পলাতক রয়েছেন। অন্যদিকে খালেদা জিয়ার আরেক ছেলে প্রয়াত আরাফাত রহমানের পাচারকৃত অর্থ সিঙ্গাপুর থেকে ফেরত এনেছে সরকার। দুর্নীতি ও অর্থ পাচার বিএনপির মজ্জাগত রোগ। জনগণের টাকা বিদেশে পাচারের যে অপসংস্কৃতি বিএনপি প্রতিষ্ঠিত করেছিল, তা নির্মূল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার।

ওবায়দুল কাদের দাবি করেন, শেখ হাসিনা ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় বাংলাদেশ একের পর এক মাইলফলক অর্জন করেছে। বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছেন, যা বিশ্বসভায় প্রশংসিত হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে বিশ্বব্যাংকও বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকার অঙ্গীকার ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এ অগ্রগতিই বিএনপির গাত্রদাহের কারণ।