
অন্তর্বর্তী সরকার আগামী মন্ত্রিসভার জন্য অপ্রয়োজনীয় গাড়ি কেনা ও বাড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)। সেই সঙ্গে সরকার এখতিয়ারবহির্ভূতভাবে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। এসব কাজ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এই সিপিবি নেতা।
আজ বুধবার বিকেলে রাজধানীর মগবাজারে এক নির্বাচনী পথসভায় রুহিন হোসেন এ কথা বলেন। ঢাকা-১২ সংসদীয় আসনে সিপিবির কাস্তে মার্কার প্রার্থী কল্লোল বণিকের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়।
পথসভায় রুহিন হোসেন বলেন, ‘আমরা যখন জনগণের দ্বারে দ্বারে ঘুরে কীভাবে দেশ গড়তে চাই, সেই কথা বলে ভোটারদের কাছে যাচ্ছি, তখন ভূরাজনীতিতে আধিপত্য বিস্তারে মরিয়া সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র তার এজেন্ডা বাস্তবায়নে কাজ করে চলেছে। অন্তর্বর্তী সরকার এখতিয়ারবহির্ভূতভাবে তাদের এজেন্ডা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বলে সাধারণ মানুষ ধারণা করছে।’
জাতীয় নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আচরণ রহস্যজনক উল্লেখ করে রুহিন হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার এখতিয়ারবহির্ভূতভাবে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে আগামী মন্ত্রিসভার জন্য অপ্রয়োজনীয় গাড়ি কেনা, বাড়ি বানানোর প্রস্তুতিও নিচ্ছে। তিনি এসব কাজ থেকে সরকারকে বিরত থাকা এবং মার্কিন রাষ্ট্রদূতসহ যেকোনো বিদেশি রাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ থেকে দূরে রাখতে দায়িত্বশীল আচরণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সিপিবির এই নেতা বলেন, ভোট নিয়ে এখনো জনমনে সংশয়ে রয়ে গেছে। ভোটারদের ভোটাধিকার প্রয়োগ, সঠিকভাবে ভোট গণনা ও ফলাফল ঘোষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।
কাস্তে মার্কার প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে রুহিন হোসেন বলেন, ঢাকাকে নিরাপদ ও মর্যাদার শহর হিসেবে গড়ে তোলার কাজটি করবেন কাস্তে মার্কার প্রার্থীরা। একই সঙ্গে বৈষম্য দূর করতে যথাযথ আইন প্রণয়নেও তাঁরা উদ্যোগী ভূমিকা পালন করবেন।
পথসভায় সিপিবির প্রার্থী কল্লোল বণিক বলেন, ‘ভোটারদের ওপর নির্ভর করছে তাঁরা কোন ধরনের শাসক চান। আমরা আশা করব, অতীতের অভিজ্ঞতা বিবেচনা করে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন দেশ গড়ার শক্তিকেই দেশবাসী জয়ী করবেন।’
এই পথসভায় ঢাকা-১২ আসনে সিপিবির প্রার্থী কল্লোল বণিক, দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান ও সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার বক্তব্য দেন। পথসভার পর নিউ ইস্কাটন, দিলু রোডসহ মগবাজারের বিভিন্ন এলাকায় প্রচার মিছিল ও গণসংযোগ করেন সিপিবির নেতা-কর্মীরা।