
স্বাধীনতাবিরোধীরা যাতে আর কখনোই ক্ষমতায় ফিরতে না পারে—যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমিও একই কথা বলি, কোনোমতেই স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’
তবে বিএনপি মহাসচিব দাবি করেন, দুঃখজনকভাবে আওয়ামী লীগ আজ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা গণতান্ত্রিক সমাজব্যবস্থা, বহুদলীয় রাষ্ট্রব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ ভাসানী অনুসারী পরিষদ।
২০০৯ সালে ৩০ এপ্রিল সুনীল কুমার গুপ্ত মারা যান। তিনি বাকেরগঞ্জ-৫ আসন থেকে তিনবার জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি।
স্মরণসভায় বিএনপি মহাসচিব ওয়াশিংটনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেন। ওয়াশিংটনে রিজ কার্লটন হোটেলে বাংলাদেশি প্রবাসীদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধীরা যাতে আর কখনোই ক্ষমতায় ফিরতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ব্যাপারে বিএনপি নেতা মির্জা ফখরুল আরও বলেন, ‘এই কথা বলতে দ্বিধা নেই যে এই সরকার আজ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার আজ গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার আজ সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যে সরকার মানুষের চোখের ভাষা বুঝতে পারে না, যে সরকার দেয়ালের লিখন দেখতে পারে না, যে সরকার মানুষের প্রয়োজন বুঝতে পারে না, তাকে আমরা গণশত্রু ছাড়া আর কী বলতে পারি।’
ডিজিটাল নিরাপত্তা আইনকে সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে উল্লেখ করে ক্ষমতাসীন দলের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘আপনাদের ক্ষমতায় রাখার জন্য ওটা (ডিজিটাল নিরাপত্তা আইন) একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। সুতরাং সেই অস্ত্রকে আপনারা বাদ দিতে চান না।’
পুরো জাতিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিভক্ত করে ফেলেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, পুরো জাতির মধ্যে হানাহানি এমন পর্যায় নিয়ে গেছে যে এখান থেকে ফিরে আসা অসম্ভব। আজ অনেকেই প্রশ্ন করেন যে এই জাতিকে কি আবার একটা সুস্থ জায়গা ফিরিয়ে আনা সম্ভব হবে। এই প্রশ্নটা কেন আসে? এ জন্য আসে যে আজ পুরো রাষ্ট্রীয় কাঠামোটাকেই তারা একেবারে বিষাক্ত করে দিয়েছে।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টি (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বরিশাল বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান, প্রয়াত নেতার কনিষ্ঠ পুত্র সঞ্চয় কুমার গুপ্ত প্রমুখ বক্তব্য দেন।