অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচার হবে: তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ সংগঠন আয়োজিত এক প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে ২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি-জামায়াতের নেতাদের নির্দেশে যেভাবে পেট্রলবোমা নিক্ষেপ করে, অগ্নিসন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করেছে, তা শুধু দেশের ইতিহাসেই নয়, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে সমসাময়িককালে কোথাও ঘটেনি।

তথ্যমন্ত্রী বলেন, শুধু যারা পেট্রলবোমা নিক্ষেপ করেছে, তাদের বিচার হলেই হবে না, যারা এর হুকুমদাতা-অর্থদাতা, তাদেরও বিচার হতে হবে। এই অপরাধের যদি বিচার না হয়, তাহলে এ ধরনের অপরাধ আরও ঘটবে।

আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ সংগঠন আয়োজিত ‘মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে প্রতীকী অনশন’ শীর্ষক কর্মসূচিতে মন্ত্রী এসব কথা বলেন।

‘শুধু পেট্রলবোমা নিক্ষেপকারীরাই অপরাধী নয়, এর নির্দেশ সাত সমুদ্র তেরো নদীর ওপারে লন্ডন থেকে এসেছে’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর রায়, মির্জা আব্বাসসহ বিএনপির নেতারাই এই হামলার নির্দেশদাতা। তাঁদের নির্দেশে, তাঁদের অর্থায়নেই এই পেট্রলবোমা হামলা হয়েছে। আজকে সেই পেট্রলবোমা হামলার শিকার যারা, তারা বিচারের দাবি নিয়ে এসেছে। মির্জা ফখরুল সাহেব বড় বড় কথা বলেন, কিন্তু তাঁর দলের নেতৃত্বে যে অপরাধ হয়েছে, তার দায় তিনি এড়াতে পারেন না। সব অপরাধীরই বিচার হতে হবে।

মন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাসের শিকার এই খেটে খাওয়া মানুষগুলো এ দেশের নাগরিক ও মালিক। তারা রাজনীতি করে না, রাজনীতি বোঝে না এবং তারা কোনো রাজনৈতিক কর্মসূচিতেও যায়নি, তারা প্রাত্যহিক কাজে জীবিকার তাগিদে বেরিয়েছিল। এই ধরনের ন্যক্কারজনক মানবতাবিরোধী ঘটনা বিশ্বের কোথাও ঘটেনি।

পেট্রলবোমা হামলার শিকার ও তাঁদের পরিবার-পরিজনদের সঙ্গে সংহতি জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই মামলা দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। তাই আমি মনে করি এই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হওয়া প্রয়োজন এবং অগ্নিসন্ত্রাসের হুকুমদাতা ও অর্থদাতাদেরও বিচারের আওতায় আনা উচিত। এই অপরাধের উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির সাথে আমি একাত্মতা প্রকাশ করছি।’

এ সময় বিদেশি সংস্থা ও কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যাঁরা মানবাধিকারের কথা বলেন, তাঁদের উচিত এই অধিকার ক্ষুণ্ন হওয়া মানুষগুলোর সঙ্গে সংহতি জানানো। তাহলে এই ধরনের অপরাধ চিরতরে বন্ধ হওয়ার পথ সুগম হবে।

পেট্রলবোমা হামলায় আহত সংসদ সদস্য খোদেজা নাসরিনের সভাপতিত্বে অগ্নিসন্ত্রাসের আর্তনাদ সংগঠনের আহ্বায়ক শাহাদাৎ হোসেন বাবুলের সঞ্চালনায় ও মো. রাশেদুল ইসলামের সমন্বয়ে পেট্রলবোমায় অগ্নিদগ্ধ গীতা রানী সেন, নিহত নাহিদের মা রুনি বেগম, নিহত ইউসুফের সন্তান জাহেদুল ইসলাম, নিহত আনোয়ার হোসেনের স্ত্রী পারভীন, নিহত পুলিশ সদস্য সিদ্ধার্থের বাবা বিমল চন্দ্র সরকারসহ কর্মসূচিতে যোগ দেওয়া পেট্রলবোমা হামলার শিকার অনেকে অপরাধীদের বিচার দাবি করেন।

কর্মসূচিতে আসা পেট্রলবোমায় আহত ও নিহত ব্যক্তিদের স্বজনদের পানি পান করিয়ে তাঁদের অনশন ভাঙান হাছান মাহমুদ।