আমিরের রাজনৈতিক কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত ‘তৃণমূলের প্রার্থী বাছাই কমিটি’র সভা। ১৮ আগস্ট
আমিরের রাজনৈতিক কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত ‘তৃণমূলের প্রার্থী বাছাই কমিটি’র সভা। ১৮ আগস্ট

স্থানীয় সরকার নির্বাচনে ইসলামপন্থীদের ব্যাপক অংশ নিতে আহ্বান মামুনুলের

স্থানীয় সরকার নির্বাচনে ইসলামপন্থীদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ইসলামপন্থীরা যদি নীরব থাকেন এবং সৎ ও যোগ্য মানুষেরা নির্বাচনে অংশগ্রহণ না করেন, তাহলে অসৎ, দুর্নীতিবাজ ও কমিশননির্ভর ব্যক্তিরা জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘আমরা যদি নীরবে বসে থাকি, একজন সৎ মানুষ যদি এগিয়ে না আসেন, তাহলে একজন কমিশনখোর চেয়ারম্যান হওয়ার সুযোগ পাবে। একজন সৎ মানুষ যদি এগিয়ে না আসেন, তাহলে একজন দুর্নীতিবাজ পৌর মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। একজন চাঁদাবাজ সিটি মেয়র হওয়ার সুযোগ পাবে। তাই জনগণের কল্যাণ ও দেশের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদের সবার আগে এগিয়ে আসতে হবে।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের রাজনৈতিক কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত ‘তৃণমূলের প্রার্থী বাছাই কমিটি’র এক সভায় মামুনুল হক এ কথা বলেন।

স্থানীয় সরকারব্যবস্থাকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে হলে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদের নির্বাচনী মাঠে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন মামুনুল হক।

স্থানীয় সরকার নির্বাচনে অর্থশক্তি ও প্রভাবশালী মহলের আধিপত্য কমাতে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের উদাসীনতা ও নিষ্ক্রিয়তার কারণে অনেক সময় সৎ ও গ্রহণযোগ্য প্রার্থীরা নির্বাচনী প্রতিযোগিতায় যথাযথভাবে উঠে আসার সুযোগ পান না।

শুধু নির্বাচন কমিশনের দিকে না তাকিয়ে থেকে রাজনৈতিক দল ও ইসলামপন্থী সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর জোর দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে তৃণমূল পর্যায় থেকেই সাংগঠনিকভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা হাসান জুনাইদের পরিচালনায় সভায় বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসাইন হোসেন মিয়াজী ও মাওলানা মুফতি শরাফত হোসেন।