নির্বাচনে জিততে পারবে না জেনে বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: ফেসবুক থেকে নেওয়া

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারবে না জেনেই বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের চলার পথে গভীর ষড়যন্ত্র আছে। বঙ্গবন্ধুকন্যাকে হটানোর ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিক অপশক্তি এই ষড়যন্ত্র করছে। আসন্ন নির্বাচনে তারা শেখ হাসিনার সঙ্গে জিততে পারবে না। তাই বিএনপির নেতৃত্বে এই ষড়যন্ত্র চলছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আজ মুজিবনগর দিবসে একদিকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার, অন্যদিকে উন্নয়ন-সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী রাজনৈতিক অপশক্তি বিএনপি, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত-পরাজিত করতে হবে। এর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারা (আওয়ামী লীগ) এগিয়ে যাবে। এটিই আজকের দিনের অঙ্গীকার।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘এত রক্তপাতের পরও আমাদের প্রাপ্তি শূন্য নয়। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি আছে। বঙ্গবন্ধুর স্বল্পোন্নত বাংলাদেশ, যা শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নশীল দেশ।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘এখন আমাদের অঙ্গীকার, ২০৪১ সালের মধ্যে আধুনিক স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব। এর মধ্যে অন্তরায়ও আছে। আমাদের চলার পথে ষড়যন্ত্রও আছে।’