বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ৫ নম্বর ওয়ার্ডের দুই কেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন টেবিলঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান।
আজ সোমবার সকাল ৯টার দিকে আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর এই অভিযোগ তোলেন কামরুল আহসান।
কামরুল আহসান বলেন, ৫ নম্বর ওয়ার্ডের মতিনপুর ভোটকেন্দ্রের ছয়জন এবং জাহানারা ভোটকেন্দ্রের সাতজন ঘড়ি মার্কার এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি।
তাঁরা বলেছেন, গতরাতে কেন এজেন্টদের ফরম নিয়ে আসা হয়নি?
কামরুল আহসান বলেন, ‘আমার এজেন্ট ভোট শুরুর আগে বা পরে এলেও তো এজেন্ট প্রবেশ করতে দিতে হবে।’
নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে এজেন্টদের প্রবেশ করতে দিলে ভোটার উপস্থিতি ভালো হলে, ভোটাররা হয়রানির শিকার না হলে এবং মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলেও মন্তব্য করেন।