
ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, সম্প্রতি যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার উদ্দেশে অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
আজকের মিছিল থেকে সাদেক হোসেন খোকাকে নিয়ে যুবলীগের সাধারণ সম্পাদকের করা অশোভন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় তারা অবিলম্বে মাইনুলকে শাস্তির আওতায় আনারও দাবি জানায়।
মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে শুরু হয়ে কাকরাইল-নাইটেঙ্গেল মোড় প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে মাইনুল হাসান নিখিলের কুশপুত্তলিকাও দাহ করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম ভূঁইয়া, কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইরফান আহমেদ ফাহিম ভূঁইয়া, তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকরাম খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম নয়ন, গেন্ডারিয়া থানা যুবদলের সাবেক সদস্যসচিব জনি ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেন মুন্না, কোতোয়ালি থানা যুবদল নেতা আবদুস সোবহান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেনসহ শতাধিক নেতা–কর্মী অংশ নেন।