
নির্বাচনে এসে বিএনপিকে নিজেদের শক্তি যাচাইয়ের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ঢাকা-১৬ আসনের অন্তর্গত ইউনিটের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘১০ ভাগ ভোটও পাবেন না। আসেন না, ইলেকশনে নিজেদের শক্তিটা যাচাই করে দেখেন। সিটি নির্বাচনে গেলেন না। কাউন্সিলররা তো ঠিকই গেলেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কদিন পর শুনব, মনোনয়ন–বাণিজ্য শুরু হয়ে গেছে।’
বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ের পথে থাকার কথা উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ইলেকশন কমিশন বলেছে, ৪৫ থেকে ৫০ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে নাকি শেখ হাসিনার সময়ে মানুষের ভোটের প্রতি আগ্রহ নেই। বিএনপি বলে, সুজন বলে। তাহলে গাজীপুরে কী হলো—৫০ পারসেন্ট, ৪০ পারসেন্ট গাইবান্ধা নির্বাচনে।’
বিএনপি নির্বাচনে না গেলে কেন্দ্রে ভোটার আসবেন না—এমন দুঃস্বপ্ন দেখে লাভ নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘লাফালাফি বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ নিয়ে তুলকালাম। আরে তোরা দিলি খাম্বা, আমরা দিলাম বিদ্যুৎ। যদি বিদ্যুতের ঘাটতি হতো, কিছুদিন আগে বিশ্বকাপ হয়ে গেল। কোথাও কি বিদ্যুৎ নিয়ে ঝামেলা হয়েছে? কার সময়?’
বিএনপি ক্ষমতায় থাকলে গত ফুটবল বিশ্বকাপের সময় বিদ্যুৎ নিয়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর হতো বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির সময় মানুষ একটা বিশ্বকাপও ঠিক মতো দেখতে পারেনি। লোডশেডিং।
বিএনপি ও এরশাদ আমলে ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা লোডশেডিং ছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘শেখ হাসিনার ওপরে আল্লাহর রহমত আছে। শেখ হাসিনার ওপর মানুষের দোয়া আছে। শেখ হাসিনা যাবেন না। সারা রাত জেগে যে নেতা মানুষের কথা ভাবেন, খাদ্যদ্রব্যের দাম কোথায় কত বাড়ল, সে কথা ভাবেন, সেই নেতাকে হটানো এত সহজ নয়।’
ওবায়দুল কাদের বলেন, তাপমাত্রা কমে গেছে, লোডশেডিংও কমে গেছে। কয়েক দিনের মধ্যে আর থাকবে না।
বাজারে বিভিন্ন জিনিসের দাম কমতে শুরু করেছে বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ইনশা আল্লাহ, এই দুঃখ–কষ্ট আপনাদের থাকবে না।’
নেতা–কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আজ লাফালাফি করতে করতে শেষ! এই বুঝি সরকার পড়ে গেল! এত সোজা? চিন্তা করবেন না। আছি আমরা। শেখ হাসিনা আছেন।’ তিনি বলেন, ‘আমরা মরে যাব, কিন্তু মানুষের সঙ্গে বেইমানি করব না। জনগণের সঙ্গে বঙ্গবন্ধু বেইমানি করেননি। তাঁর কন্যা শেখ হাসিনা। ভরসা রাখবেন।’
তত্ত্বাবধায়ক চাইলে বিএনপিকে আদালতের সঙ্গে ফয়সালা করার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ফখরুল সাহেব, নির্বাচনে আসেন না। আপনারা তো তত্ত্বাবধায়ক চান। তত্ত্বাবধায়কের মাধ্যমে আপনারা পেয়েছিলেন ৩০টা সিট। ওই তত্ত্বাবধায়ক আর আসবে না। মরে গেছে। আমরা পাঠাইনি। পাঠিয়েছে আদালত। আদালতের সঙ্গে গিয়ে ফয়সালা করেন।’
সম্মেলনে অন্যদের মধ্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ), প্রচার সম্পাদক জয়দেব নন্দী, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহসহ আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় এবং মহানগরের নেতারা বক্তব্য দেন।