রাজধানীর বনানী এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর সহযোগী সংগঠনের সাতজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশ বলছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং চারটি শিশু।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে বনানী থানার পুলিশ খবর পায়, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে ঝটিকা মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছে। পরে বনানী থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সাতজনকে আটক করা হয়। দলের অন্য সদস্যরা পালিয়ে যান।
আটক সাতজন এবং ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।