জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে মতামত জমা দেয় গণ অধিকার পরিষদ
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে মতামত জমা দেয় গণ অধিকার পরিষদ

সংস্কার নিয়ে মতামত দিল আরও দুই দল

সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত মতামত জমা দিয়েছে গণ অধিকার পরিষদ ও বিকল্প ধারা বাংলাদেশ (একাংশ)। আজ বুধবার দুপুরে দল দুটি আলাদাভাবে জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে মতামত জমা দেয়।

মতামত জমা দেওয়ার পর গণ অধিকার পরিষদ জানিয়েছে, তারা পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ৮৫ শতাংশের সঙ্গে একমত। বাকি ১৫ শতাংশের ক্ষেত্রে তারা আংশিক একমত বা একমত হতে পারেনি। তারা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারে রূপ দিয়ে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংস্কার করে তার অধীনে নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছে।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ মতামত জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে মতামত জমা দেয় নুরুল আমিন ব্যাপারীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ।

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চায় ঐকমত্য কমিশন। সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। ১৩ মার্চের মধ্যে দলগুলোকে মতামত দিতে বলা হয়েছিল। এখন পর্যন্ত ৩১টি দলের কাছ থেকে মতামত পেয়েছে কমিশন। মতামতের ভিত্তিতে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন।