
সরকার চলমান রাজনৈতিক সংকট সমাধানে আলোচনা করতে চায় না বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলেন, সরকারের কাছে আলোচনার মতো কিছু নেই। সরকারের মন্ত্রীরা বলছেন, প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় কথাবার্তা হওয়া দরকার। কিন্তু সর্বোচ্চ মহল থেকে ভিন্ন বার্তা দেওয়া হচ্ছে।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। ‘রাজনৈতিক সংকট, চলমান গণ-আন্দোলন ও জনপ্রত্যাশা’ শীর্ষক এই সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার জনগণকে বিভ্রান্ত করছে। দেশের স্বার্থ বিক্রি করে গদি রক্ষার চেষ্টা করছে সরকার। তারা এমন নির্বাচন করেছে, যা সারা দুনিয়ায় নিন্দিত হয়েছে। ১৫ বছরেও সরকারের মাথায় শুভবুদ্ধির উদয় হয়নি। তাদের সঙ্গে কীভাবে আলোচনা বা সংলাপ করে সমাধান করা যাবে? এই সরকার আলোচনা করতে চায় না।
সরকারের মধ্যে উদ্বেগ, আতঙ্ক বাড়ছে বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সরকারের বাইরের দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। মোদি এবং বাইডেনের বৈঠকের যতটুকু খবর পাওয়া গেছে, তাতেও কোনো সুখবর নেই সরকারের জন্য। সেন্ট মার্টিন লিজ দেওয়ার কথা বলে গণ–আন্দোলন ভিন্ন খাতে নিতে চাচ্ছে সরকার।
দেশের বিরাজমান সংকট নিয়ে সরকার ও বিরোধী দলগুলোর আলোচনা হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। তিনি বলেন, সরকারের মন্ত্রীরা বলছেন, আলোচনা হওয়া প্রয়োজন। কিন্তু আলোচনার বিষয়টি কীভাবে যেন ডানে-বাঁয়ে দিয়ে ফসকে যাচ্ছে। কথাবার্তা বলা, আলোচনার সংস্কৃতি উন্নত করা গেলে অনেক সংকটের সমাধান হতে পারে।
সরকার দেশকে ক্রমাগত দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে বলে দাবি করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, এই সরকার টিকে থাকতে দুর্নীতি ও টাকার ভাগ-বাঁটোয়ারাকে নীতি হিসেবে গ্রহণ করেছে। সরকার চাইলেও এখন এটা বন্ধ করতে পারবে না। নিজের গদির স্বার্থ দেখে সরকার দেশের পররাষ্ট্রনীতি ঠিক করছে। গদি যে রক্ষা করবে বা গদি যে প্রশ্নের মুখে ফেলবে, সেই জনগণের সঙ্গে বন্ধুত্ব নেই।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘রাষ্ট্র আজ বিপর্যয়ের মুখে। ঐক্যবদ্ধভাবে এই সরকারকে বিদায় করতে হবে।’
সভায় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি বাবুল সরদার, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, গণফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।