
নাশকতার অভিযোগের মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, আদালত ৪০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন। ৪০ জনের মধ্যে ৩৬ জন উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক। আগামী ১৬ আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছেন আদালত।
মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ২ নভেম্বর নগরের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় চলাচলের রাস্তার ওপর নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন আসামিরা। এ অভিযোগে শাহাদাতসহ ৩০ জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করে পুলিশ। তদন্ত শেষে ২০২০ সালের ৩১ অক্টোবর ৪০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আসামিদের মধ্যে রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম প্রমুখ।
আসামিপক্ষের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশের করা গায়েবি মামলায় আসামিদের অব্যাহতির আবেদন করা হয় আদালতে। কিন্তু আদালত তা নামঞ্জুর করেন। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।